তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার এস এম মহিদুর রহমান।
মহিদুর রহমান প্রথম আলোকে বলেন, একটি বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আনা হয়। পরে আরেকটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে বিকেল চারটার দিকে আশুগঞ্জ স্টেশনের আগে যাত্রাপুর এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আপ লাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন লাইনে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার এস এম মহিদুর রহমান জানিয়েছিলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আশুগঞ্জ রেলস্টেশনের আগে যাত্রাপুর এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।