তিন ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তিন ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজ সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকে। এ ছাড়া এক ঘণ্টারও বেশি সময় সব ধরনের ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় ঘাটের দুই পারে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলামের ভাষ্য, সকাল সাড়ে ছয়টা থেকে হঠাৎ কালবৈশাখী ঝোড়ো বাতাস বইতে শুরু করলে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে কিছুক্ষণ পর এই নৌপথের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সকাল পৌনে আটটার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।

আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ারের ভাষ্য, ঝোড়ো বাতাসের কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে চলাচল স্বাভাবিক হয়।