তিন ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার বিকেলে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে তিন ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চাটমোহরের স্টেশনমাস্টার মহিউল ইসলাম বলেন, গতকাল বিকেল চারটার দিকে ঈশ্বরদী থেকে একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জে যাচ্ছিল। চাটমোহর স্টেশনের পূর্বপাশে ডাউন পয়েন্টে পৌঁছালে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয় তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।