তিন ঘণ্টার পথ সাত ঘণ্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল দিনভর ছিল তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের পরিবহন। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রী ও চালকেরা। ছবিটি টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা এলাকা থেকে তোলা। প্রথম আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল দিনভর ছিল তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের পরিবহন। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রী ও চালকেরা। ছবিটি টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা এলাকা থেকে তোলা। প্রথম আলো

সকাল পৌনে আটটা। টাঙ্গাইল বাসস্ট্যান্ড। নিজ নিজ গন্তব্যে যেতে বাস ধরতে উন্মুখ মানুষ। টানা অবরোধের পর দুই দিনের বিরতির দ্বিতীয় দিনে গতকাল শনিবার সকালে সেখানে ছিল এমন চিত্র। পরদিন (আজ) আবার অবরোধ। তাই গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়ার চিত্রটা বেশ পরিষ্কার।
বাস কাউন্টারে ১৫ মিনিট অপেক্ষার পর মিলল টিকিট। বাস ভরতে সময় লাগল না মোটেও। অন্য যাত্রীর সঙ্গে এই প্রতিবেদকও ঢাকার গন্তব্যে বাসস্ট্যান্ড ছাড়েন। টাঙ্গাইল শহর বাইপাস ধরে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠতেই চোখে পড়ল উত্তরবঙ্গমুখী যানবাহনের দীর্ঘ সারি। মহাসড়কে ওঠার পরও বাসের পরিচিত গতি নেই। চলছে ধীরে ধীরে। ছয় কিলোমিটারের মতো আসার পর সেই ধীরগতিও স্তব্ধ হলো। সামনে যানবাহনের দীর্ঘ সারিতে যুক্ত হলো বাসটি।
টাঙ্গাইল থেকে গাজীপুরের চন্দ্রা ৪৩ কিলোমিটারের পথ। বাসে স্বাভাবিক সময়ে বড়জোর লাগে এক ঘণ্টা। গতকাল লাগল চার ঘণ্টা। এই পথের দু্ই পাশেই ছিল নানা যানবাহনের দীর্ঘ সারি। চন্দ্রা থেকে যানবাহনের এই সারি বিস্তৃত ছিল বঙ্গবন্ধু সেতু পর্যন্ত, ৬৫ কিলোমিটার। উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো ছিল প্রায় নিশ্চল।
চন্দ্রা পৌঁছানোর আগে পাকুল্লায় বাসটি ২০-২৫ মিনিট থমকে দাঁড়াল। টাঙ্গাইল শহর থেকে পাকুল্লা—এই ১৫ কিলোমিটার পথে টানা যাবাহনের সারি। বাস থেকে নেমে জানা গেল, যানজটের শুরুটা শুক্রবার রাত থেকেই। ঘন কুয়াশা এ জন্য দায়ী হলেও অবরোধের বিরতিতে গাড়ির সংখ্যাও ছিল অনেক বেশি।
কথা হলো জয়পুরহাটগামী ট্রাকচালকের সঙ্গে। তিনি জানালেন, এক জায়গায় দাঁড়িয়ে আছেন প্রায় তিন ঘণ্টা। তাঁর ট্রাকে ছিল স্যানিটারি সামগ্রী। ঢাকা থেকে সেগুলো নিয়ে যাচ্ছেন জয়পুরহাটে।
তীব্র যানজটে অসহনীয় কষ্টে পড়েন বাসযাত্রীরা। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা ফিরছে, তাদের কষ্ট ছিল আরও বেশি। গাইবান্ধা থেকে বাসে ঢাকায় ফিরছিলেন সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম। দেখতে গিয়েছিলেন অসুস্থ মাকে। নিজেও ডায়াবেটিসের রোগী। জানালেন, কেবল বঙ্গবন্ধু সেতুতে তাঁর বাস আটকে ছিল প্রায় দুই ঘণ্টা। একবার বমিও করেছেন। একাকী, অসুস্থ মানুষটি বেশ সন্ত্রস্ত। বললেন, ‘আল্লাহ কপালে কী রাখছেন জানি না। ঢাকায় ঠিকমতো ফিরতে পারব কি না, কে জানে।’
তিন দফা চিকিৎসক তারিখ দিলেও টানা হরতাল-অবরোধের কারণে ঢাকায় যেতে পারেননি বাসের সহযাত্রী নাজমুন আরা। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তাঁর কিডনিতে পাথর। কলেজপড়ুয়া ছেলে তাঁর সঙ্গে। ডাক্তার দেখিয়ে কালই ফিরবেন। বেলা আড়াইটায় ডাক্তার দেখানোর কথা। মুঠোফোনে বারবার ক্লিনিকের কাছে থাকা তাঁর ভাগনে তাড়া দিচ্ছিলেন। ভাগনে থাকেন মেসে। ঢাকায় থাকার মতো আত্মীয়স্বজন নেই। বললেন, ডাক্তার দেখানোর চেয়ে এহন বাড়ি ফেরার চিন্তাটাই বেশি। ভেবেছিলেন লাগবে বড়জোর তিন ঘণ্টা। কিন্তু পাকুল্লায় পৌঁছাতেই ঘড়িতে তখন সকাল সোয়া ১০টা। এর মধ্যে যানজটে কেটে গেছে প্রায় দুই ঘণ্টার বেশি।
ধীরগতিতে এগোতে এগোতে বাস আবারও থামে মির্জাপুরের গোড়াইয়ে। কিন্তু প্রয়োজন তো ধীরগতি মানে না। ঢাকা বিমানবন্দরে আত্মীয়কে বিদায় জানাতে যাবেন। তাই এক যাত্রী টাঙ্গাইল থেকে আসা নিরালা পরিবহনের বাস থেকে নেমে পড়লেন। বিকল্পপথে যাওয়ার আশাই সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বসলেন। এভাবে বেশ কয়েকজনকেই সিএনজিতে সওয়ার হতে দেখা গেল।
যানজটে বিরক্ত এক যাত্রীকে বলতে শোনা গেল, ‘অ্যার চাইয়ে তো অবরোধ ভালো। তাও ভাইঙ্গা ভাইঙ্গা ঢাকা যাওয়া যায়।’
কেন এই যানজট? পরিবহনের চালক, স্থানীয় হাইওয়ে পুলিশের ভাষ্য, টানা অবরোধের পর এই দুই দিনের বিরতিতে বিপুল পরিমাণ যানবাহন রাস্তায় নেমেছে। হঠাৎ করে যানবাহনের এই ভারে সৃষ্টি হয়েছে জট। গড়াই ও চন্দ্রাতে যানজট নিরসনে পুলিশের কিছুটা তৎপরতা দেখা গেলেও অন্যত্র তা ছিল অনুপস্থিত।
টাঙ্গাইল থেকে ঢাকার মহাখালীতে আসতে ঘড়িতে তখন বাজে বেলা তিনটা। স্বাভাবিক সময়ে প্রায় তিন ঘণ্টার পথ, লাগল সাত ঘণ্টা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে উত্তরবঙ্গের ১৬টি জেলা, বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, শেরপুরের একাংশ এবং দক্ষিণবঙ্গের কুষ্টিয়া ও মেহেরপুরের গাড়ি যাতায়াত করে। গতকাল বিকেলে টাঙ্গাইল অংশে যানজট কিছুটা কমে যায় বলে প্রথম আলোকে মুঠোফোনে জানান, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক মোজাম্মেল হক। তবে সেটা সাময়িক বলেও জানান তিনি। কারণ, সন্ধ্যার পর ঢাকা থেকে অনেক ট্রাক বেরোবে। ফলে যানজট আরও বাড়বে বলেই তাঁর আশঙ্কা।