তিন ঘণ্টার বাস, পৌঁছায় পাঁচ ঘণ্টায়!
একটি বাসের পেছনে আরেকটি বাস। গুরুত্বপূর্ণ অপ্রশস্ত সড়কে চলাচল করছে অসংখ্য যান। কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-কাপাসিয়া সড়ক দিয়ে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। এই ১২০ কিলোমিটারের মধ্যে কাপাসিয়ার টোক পর্যন্ত ৪৫ কিলোমিটার অপ্রশস্ত সড়ক থাকায় অন্তত ৩৫টি স্থানে বাস থামিয়ে বিপরীত দিক থেকে আসা বাস-ট্রাককে জায়গা দিতে হয়। কিশোরগঞ্জ থেকে তিন ঘণ্টায় বাস ঢাকায় পৌঁছে পাঁচ ঘণ্টায়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে। পরিবহন মালিক সমিতি, স্থানীয় সরকার প্রকৌশল ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করার সহজ সড়ক হচ্ছে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-টোক-কাপাসিয়া-ঢাকা সড়ক। অন্যদিকে ভৈরব হয়ে ঢাকা সড়কপথে দূরত্ব হচ্ছে ১৪৫ কিলোমিটার। ফলে, দূরত্ব কম হওয়ায় বাসের মালিকদের জ্বালানি খরচসহ উল্লেখযোগ্য সময় সাশ্রয় হয়।কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি ভিত্তিতে সড়ক প্রশস্ত করা একান্ত জরুরি। সড়কটি ১৮ ফুট প্রশস্ত করে নির্মাণের জন্য ইতিমধ্যে প্রকল্প জমা দেওয়া হয়েছে। এটা একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করা যায়, এ বছরই প্রকল্পটি শুরু করা যাবে।