তিন ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা
সিলেট নগরে গত মঙ্গলবার মধ্যরাতে তিন ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে কয়েক শ বাসাবাড়ি। এতে রাতভর ভোগান্তি পোহাতে হয়েছে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার বাসিন্দাকে। তবে গতকাল বুধবার সকালে পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। নগরবাসী জানান, মঙ্গলবার রাত ১১টা থেকে দুইটা পর্যন্ত প্রবল বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরের শিবগঞ্জ, লামাপাড়া, শাপলাবাগ, সেনপাড়া, রায়নগর, দর্জিপাড়া, সোনারপাড়া, লালদীঘিরপার, কুয়ারপাড়, করেরপাড়া, বারুতখানা, বিলপার, ঝালোপাড়াসহ অন্তত ৩০টি এলাকার কয়েক শ বাসাবাড়িতে পানি ওঠায় মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। গতকাল দুপুর সোয়া ১২টায় সরেজমিনে দেখা গেছে, নগরের লালদীঘিরপার এলাকার রাস্তা ও অধিকাংশ বাসায় জলাবদ্ধ। করেরপাড়া এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তাও পানিতে তলিয়ে রয়েছে। এসব রাস্তার পানিতে ময়লা-আবর্জনা ভাসছে। সোনারপাড়া এলাকার বাসিন্দা রাজন দাশ বলেন, ‘বৃষ্টি হলেই বাসায় পানি চলে আসে। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঘরের ভেতরে হাঁটুসমান পানি হয়ে গেছে। এর মধ্যে কয়েক ঘণ্টা বিদ্যুৎও ছিল না। স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে খুবই উৎকণ্ঠায় ছিলাম।’ কুয়ারপাড় এলাকার মুসল্লি ইরতাজ আলী বলেন, ‘মসজিদে পানি ঢোকায় মুসল্লিদের সমস্যায় পড়তে হয়েছে।’ বেলা সাড়ে ১১টায় কথা হয় লামাপাড়া এলাকার গৃহিণী সুলতানা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বাসা নর্দমার ঠিক পাশে হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নালা-নর্দমার সব ময়লা-আবর্জনা বাসায় চলে আসে। গতকালও (মঙ্গলবার) তাই হয়েছে। ভোররাতে পানি নেমে যাওয়ার পর মেয়েদের নিয়ে আবর্জনা পরিষ্কার করেছি।’ ওই সব এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বৃষ্টি হলে সিলেট নগরে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা দেয়। এটা দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টি বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নগরের উঁচু এলাকার পানি নেমে গেলেও নিচু এলাকার পানি ধীরগতিতে নামে। এ সমস্যার সমাধানে সিলেট সিটি করপোরেশন কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবারের টানা তিন ঘণ্টার বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। গতকাল বুধবার দুপুর পর্যন্ত বেশ কয়েকটি এলাকার পানি নামেনি। এতে লোকজনের দুর্ভোগ হচ্ছে। বিভিন্ন এলাকায় নালা-নর্দমা বেদখল এবং ময়লা-আবর্জনা ফেলে ভরাট করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।’ তিনি জানান, বেলা আড়াইটার দিকে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. শাহজাহানসহ তিনি (নূর আজিজুর) জলাবদ্ধ ওয়ার্ডগুলো পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে অস্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চালাচ্ছেন। জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে নানা উদ্যোগ সিটি করপোরেশন নিয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এসব কাজ চলছে।