তিন ঘণ্টার বৃষ্টিতেই নোয়াখালী জলমগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে নোয়াখালী শহরের অধিকাংশ এলাকা ডুবে গেছে। ছবিটি গতকাল দুপুরে শহরের সিনেমা হলসংলগ্ন সড়ক থেকে থেকে তোলা l প্রথম আলো
তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে নোয়াখালী শহরের অধিকাংশ এলাকা ডুবে গেছে। ছবিটি গতকাল দুপুরে শহরের সিনেমা হলসংলগ্ন সড়ক থেকে থেকে তোলা l প্রথম আলো

টানা তিন ঘণ্টার প্রবল বর্ষণে ডুবে গেছে নোয়াখালী শহর। ১৩৩ মিলিমিটার বৃষ্টিতে শহরের সবচেয়ে উঁচু মাইজদী-সোনাপুর সড়কের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। শহরের বেশির ভাগ সড়কই পানিতে তলিয়ে গেছে। এমনকি অনেকের বাড়িঘরেও পানি ঢুকেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা।

ভারী বৃষ্টির কারণে জেলার বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। গত তিন দিন বৃষ্টিপাত কম হওয়ায় এসব উপজেলায় জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু গতকালের বৃষ্টিতে এই তিনটি উপজেলার বাসিন্দাদের দুর্ভোগও বেড়েছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে তিন ঘণ্টায় বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড এটি।

গতকাল দুপুরে শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, মাইজদী কোর্ট স্টেশন, মহিলা কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, গুপ্তাংক, কৃষ্ণরামপুর, কাজী কলোনি, রশিদ কলোনি এলাকা ঘুরে দেখা যায়, এলাকাগুলোর প্রায় প্রতি সড়কই গোড়ালি থেকে হাঁটুপানিতে ডুবে আছে। সড়কের আশপাশের নর্দমার ময়লা-আবর্জনা পানিতে ভাসছে। ওই পানি মাড়িয়েই বাসিন্দারা চলাচল করছিলেন।

হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা ছালেহা খাতুন বলেন, চলতি বর্ষায় একাধিকার তাঁদের বাড়ির আঙিনায় পানি উঠেছে। কিন্তু বুধবারের বৃষ্টিতে একতলা বসতঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে।

লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, ঘরে পানি ঢুকে পড়ায় শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম বলেন, বুধবারের ভারী বৃষ্টিতে বেগমগঞ্জের জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও ১৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার এ বি এম মশিউজ্জামান জানান, চলতি বর্ষায় জেলার ৬২টি ইউনিয়নের প্রায় ১৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ইতিমধ্যে ১৪২ টন চাল ও ২ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার মুঠোফোনে বলেন, অতিবৃষ্টির কারণে জেলার কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, তিনি এখনো জলাবদ্ধতাকবলিত এলাকায় যাননি। ইউএনওরা খোঁজখবর রাখছেন।