তিন ঘণ্টায় ট্রেনের অগ্রিম টিকিট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে ৩১ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিট নিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম স্টেশনে উপচে পড়া ভিড় ছিল। গতকাল ঢাকাগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ছাড়া বাকি নয়টি ট্রেনের টিকিট তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহগামী ১০টি আন্তনগর ট্রেনের আসনসংখ্যা ৬ হাজার ৯৫৪। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত সুবর্ণ এক্সপ্রেসের ১৪৮টি আসনের টিকিট অবিক্রিত ছিল। এই ট্রেনের আসনসংখ্যা ৮৯৯। কিন্তু বাকি নয়টি আন্তনগর ট্রেনের ৬ হাজার ৯৯ আসনের টিকিট সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে শেষ হয়ে যায়।

চট্টগ্রাম স্টেশন মাস্টার নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চাহিদা ছিল সবচেয়ে বেশি। এই ট্রেনের আসনসংখ্যার দেড়-দুই গুণ বেশি যাত্রী কাউন্টারের সামনে অপেক্ষায় ছিল। অর্ধেক যাত্রীকে টিকিট দিতে পেরেছি। অন্য আন্তনগর ট্রেনের মধ্যবর্তী (চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি জেলা শহর) স্টেশনের টিকিটের চাহিদাও ছিল বেশি। কিন্তু আসন সঙ্কটের কারণে সবাই টিকিট পায়নি। যাত্রার দিন বিরতিহীন দুটি ছাড়া বাকি সব ট্রেনের দাঁড়িয়ে যাওয়ার টিকিট দেওয়া হবে।’

হালিশহরের বাসিন্দা রবিউল হোসেন বলেন, পরিবার নিয়ে ঈদ করতে কুমিল্লায় গ্রামের বাড়িতে  যাবেন। বাড়ি যেতে টিকিটের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় স্টেশনে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে মহানগর গোধূলির টিকিট পান।