তিন ঘণ্টায় ভোট শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে শেষ হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচন। সকাল আটটায় ভোট শুরু হতে না-হতেই কেন্দ্র দখল করে সরকারি দল-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মেরে বাক্সভর্তি করা হয়।
বিনা বাধায় বেলা ১১টার মধ্যেই ভোট গ্রহণ অনেকটাই শেষ হয়ে যায়। অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন কঠোর হওয়ার ঘোষণা দিলেও এখানে নির্বাচনী কর্মকর্তাদের অনেকটাই অসহায় দেখা গেছে। উপজেলার ৩৮টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
কেন্দ্র দখল, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া ও ভোট জালিয়াতির অভিযোগ করেছেন উপজেলার পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে চারজনই। তাঁরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম আফজাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিন খান এবং ইসলামী আন্দোলনের রফিকুন্নবী ভাট্টি। তাঁরা সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে চিঠি দেন নির্বাচন কমিশনে। আজ উপজেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী।
তবে অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মর্তুজা বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এমন অভিযোগ তোলা হয়েছে।’
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার প্রথম আলোকে বলেন, পুনর্নির্বাচনের আবেদন উপজেলা নির্বাচন অফিসে দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। এগুলো হাতে এলেই নির্বাচন কমিশন সচিবালয়ে সিদ্ধান্তের জন্য পাঠিয়ে দেওয়া হবে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট জালিয়াতির চিত্র দেখা যায়। এ প্রতিবেদক সকাল পৌনে আটটা থেকে উপস্থিত ছিলেন উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে। এ কেন্দ্রের ৫০ গজের মধ্যেই আগৈলঝাড়া থানা। কেন্দ্রের ঠিক ১০০ গজ পেছনেই সেনা ক্যাম্প।
সকাল আটটার আগে থেকেই ভোটকেন্দ্রটির বাইরে মানুষের জটলা ছিল। ভোটকেন্দ্রের বুথগুলোর সামনে দীর্ঘ সারিও ছিল। হঠাৎ করেই আটটা সাত মিনিটে কেন্দ্রটির নয়টি বুথে প্রবেশ করে পাঁচ-ছয়জনের একেকটি দল। নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মর্তুজা খানের আনারস প্রতীকে সিল মেরে বাক্সে ভরে তারা। এ সময় পোলিং কর্মকর্তাদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়।
এ সময় প্রিসাইডিং কর্মকর্তা বখতিয়ার উদ্দিন কেন্দ্রের সামনের মাঠে দাঁড়িয়ে ছিলেন। কেন্দ্রের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন মাঠে। তাঁদের কাছে কেন্দ্রের ভেতরের অবস্থার কথা এ প্রতিবেদক জানালেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের কাছে কোনো সহায়তা না চাইলে তাঁরা ভেতরে যেতে পারেন না।’
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, আটটার সময়ই কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং কর্মকর্তাদের সরবরাহ করা হয়েছে।
সাড়ে আটটার দিকে পোলিং বুথগুলোতে গিয়ে দেখা যায়, সবগুলো ব্যালটই বাক্সে ভরা হয়েছে। অর্থাৎ ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সরবরাহ করা সব ব্যালটই শেষ হয়ে গেছে। প্রথম আধা ঘণ্টায় ব্যালট বাক্সে ভোট ঢুকেছে এক হাজার ৮০০টি। কেন্দ্রটির মোট ভোট দুই হাজার ৮৭৮টি। দিন শেষে এ কেন্দ্রে দুই হাজার ৩৪২ ভোট পড়েছে বলে জানা গেছে।
এ সময় কেন্দ্রের সামনে কথা হয় কয়েকজন ভোটারের সঙ্গে। কালাম ভূইয়া নামের এক তরুণ জানালেন, তিনি ভেতরে গিয়ে ভোট দিতে পারেননি। তাঁকে বলা হয়েছে, ‘এবার আর ভোট দেওয়ার দরকার নেই। পরের বার ভোট দিতে পারবেন।’ এ সময় একজন নারী ভোটার ভোট দিতে পারবেন না জেনে ক্ষিপ্ত হয়ে পড়েন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ভোট আমি দিতে পারব না ক্যান? ভোট দিতে না পারলে ঝাড়ু দিয়া পিটামু।’ পরে অবশ্য তাঁকে ভোট দিতে দেওয়া হয়।
উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টায় উপস্থিত হলে সেখানকার বেশ কয়েকজন ভোটার বলেন, ‘আপনেরা কী দ্যাকতে আইছেন? ভোডের কাম শ্যাষ। যা অওয়ার অইয়্যা গ্যাছে।’
কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, বিভিন্ন বুথে ব্যালট পেপারে সিল মারছেন আনারস প্রতীকের সমর্থকেরা। সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, ওই সময় কেন্দ্রের চার হাজার ৫১৪ ভোটের মধ্যে তিন হাজারেরও বেশি ভোট গ্রহণ শেষ হয়েছে।
উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া নয়টায় গিয়ে দেখা গেছে, কেন্দ্রের এক হাজার ২৬১ ভোটের মধ্যে ৮৫০ ভোট দেওয়া শেষ হয়েছে। নগরবাড়ী কেন্দ্রের ভোটার লোকমান সর্দার জানান, সকাল ১০টায় ভোট দিতে গেলে তাঁকে বলা হয় ‘ব্যালট পেপার শেষ হয়ে গেছে।’