প্রেষণ, ছুটি ও অনুপস্থিতির ফাঁদে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
তিন ঘণ্টায় ৩ চিকিৎসকের ৪০০ রোগী দর্শন
কাগজে-কলমে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ১৮ জন। এর মধ্যে নয়জনই প্রেষণে ও বিভিন্ন ছুটিতে আছেন। বাকিদের মধ্যে প্রতিদিন পাঁচ-ছয়জনের বেশি চিকিৎসক হাসপাতালে থাকেন না। ৯ ফেব্রুয়ারি হাসপাতালের বহির্বিভাগে তিন ঘণ্টায় তিন চিকিৎসককে ৪০০ রোগীর চিকিৎসা দিতে দেখা গেছে।মন খুলে চিকিৎসকের সঙ্গে কথা বলতে না পেরে বিড়বিড় করে নিজের অসন্তুষ্টির কথা বলতে বলতে হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন বৃদ্ধা জায়েদা বেগম। তিনি বলেন, ‘কী কমু! ডাক্তরের কাছে কথাই কইতে পারলাম না। বুক জ্বালাপোড়া কইতেই হাতে কাগজ ধরাইয়া দিছে। আধা মিনিটও সময় নেয় নাই।’ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়ার আবু তালেব নাতনিকে নিয়ে হাসপাতালে এসেছেন। উদ্দেশ্য, নাতনি নাবিলার (আট মাস) কানের চিকিৎসা করানো। কয়েক দিন আগে একটি বেসরকারি ক্লিনিকে ইমরান খান নামের এক চিকিৎসক নাবিলার চিকিৎসা করেছেন। ইমরান খান ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা। ৯ ফেব্রুয়ারি আবু তালেব ক্লিনিকে না গিয়ে সকালে হাসপাতালে চলে আসেন। ওই চিকিৎসককে না পেয়ে তিনি মুঠোফোনে যোগাযোগ করেন। হাসপাতালে নয়, ওই চিকিৎসক তাঁকে ক্লিনিকে আসার পরামর্শ দেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক প্রথম আলোকে বলেন, ‘একে তো ৩১ শয্যার লোকবল দিয়ে ৫০ শয্যার কার্যক্রম চালাতে হচ্ছে। তার ওপর চিকিৎসকদের অনেকের গাফিলতির কারণে স্বাভাবিক সেবা দেওয়া যাচ্ছে না।’ আবু তালেবের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমি নিজে শিশুটির চিকিৎসা করে দিয়েছি।’খোঁজ নিয়ে জানা গেছে, ছুটি না নিয়ে ইমরান খান ওই দিন হাসপাতালে অনুপস্থিত ছিলেন। একইভাবে অনুপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম ও নাইমা আক্তারও। হাসপাতালের তিন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রেষণে আছেন। দুজন মাতৃত্বকালীন, একজন অর্জিত, তিনজন নৈমিত্তিক ছুটি কাটাচ্ছেন। ৯ ফেব্রুয়ারি ছয়জন চিকিৎসক হাসপাতালে উপস্থিত ছিলেন।এই ছয়জনের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হককে প্রশাসনিক কাজ করতে হয়েছে। হরিপদ দেবনাথ ও তৌহিদুল ইসলাম অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কামাল আহমেদ দায়িত্ব পালন করেছেন হাসপাতালের অন্তর্বিভাগে। ফলে বহির্বিভাগের ৪০০ রোগীকে সামলাতে হয়েছে তিন চিকিৎসককে। চিকিৎসক রিপা পাল, ফাতেমা সুলতানা ও সামিয়া রহমান ওই দিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা না পেয়ে আরও ১০০ রোগী ফেরত গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।জানতে চাইলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ইমরান খান বলেন, ‘বিশেষ কারণে ছুটি না নিয়েই আমাকে ছুটি কাটাতে হয়েছে।’ মুঠোফোনে আবু তালেবের সঙ্গে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমি ছিলাম ভৈরবের বাইরে। আসতে বিকাল হয়ে যাবে। তখন হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকে। সুতরাং, আমার চিকিৎসা পেতে হলে ক্লিনিকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।’হাসপাতালের একটি সূত্র জানায়, এখানে প্রতিদিন গড়ে পাঁচ-ছয়জন চিকিৎসকের বেশি উপস্থিত থাকেন না। হাসপাতালে এলেও নির্ধারিত সময়ের পর এসে আগে চলে যান তাঁরা। অধিকাংশ চিকিৎসক কোনো না কোনো ক্লিনিকে কাজ করেন।