তিন চরের বনে চরানো যাবে গবাদিপশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখলীর রাঙ্গা-বালী উপজেলার সোনারচর, চরতাপসী ও চরছোটতাপসীর বনাঞ্চলে গবাদিপশু চারণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বন বিভাগ। একই সঙ্গে ওই চরগুলোর বনাঞ্চলে নির্ধারিত রাজস্বের বিনিময়ে কৃষকদের গবাদিপশু চারণের অনুমতি দেওয়া হয়েছে।৫ সেপ্টেম্বর পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র রায় স্বাক্ষরিত চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তার কাছে দেওয়া চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। তবে ওই চরগুলোর বনাঞ্চলে গবাদিপশু চারণের ক্ষেত্রেবিশেষ কিছু শর্ত আরোপ করা হয়েছে। প্রায় ৩০ বছর ধরে বন বিভাগের বনাঞ্চলে গবাদিপশু চারণের সুযোগ থাকায় পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালীর কৃষকেরা আমন চাষের মৌসুম শেষে গবাদিপশু চারণের জন্য আলাদা কোনো চারণক্ষেত্র রাখেন না। এ বছরও কোনো কৃষক চারণক্ষেত্র রাখেননি। চলতি বছর আমন চাষের মৌসুমের শেষ দিকে এলাকার কৃষকেরা যখন তাঁদের গবাদিপশু চারণের জন্য চরের বনাঞ্চলে পাঠানোর উদ্যোগ নেন, তখন বন বিভাগ থেকে জানানো হয়, ওই তিনটি চরের বনাঞ্চলে গবাদিপশু চারণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বন বিভাগের এ নিষেধাজ্ঞার কারণে প্রায় ৩০ হাজার গরু-মহিষ নিয়ে বিপাকে পড়েন এলাকার কয়েক শ কৃষক। রেঞ্জ কর্মকর্তা দেবদাস মুখার্জি জানান, এলাকার কৃষকদের সমস্যার দিক বিবেচনা করে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাঙ্গাবালীর সোনারচর, চরতাপসী ও চরছোটতাপসীর বনাঞ্চলে গবাদিপশু চারণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ওই সব এলাকার বনাঞ্চলে গরু-মহিষ চরানোর ক্ষেত্রে গবাদিপশুর সঙ্গে রাখাল রাখার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘চারণক্ষেত্র ও খাদ্যের অভাব/গবাদিপশু নিয়ে বিপাকে কৃষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।