তিন চলচ্চিত্র শিল্পীকে প্রধানমন্ত্রীর সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রশিল্পের অসুস্থ দুজন অভিনেতা ও একজন অভিনেত্রীকে আর্থিক সহায়তা দিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে অভিনেতা মঞ্জুর হোসেন ও আবদুস সাত্তার এবং অভিনেত্রী মায়া ঘোষকে আর্থিক সহায়তার চেক দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা মায়া ঘোষকে পাঁচ লাখ টাকা ও একটি হুইলচেয়ার দেন। আর মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকা ও মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়। চেক দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে আলাপ করেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সংবাদপত্রের মাধ্যমে শিল্পীদের দুর্ভোগের খবর পেয়ে প্রধানমন্ত্রী তাঁদের আর্থিক সহায়তার উদ্যোগ নেন। এর মধ্যে আবদুস সাত্তারকে দেড় বছর আগে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
লাহোরে হামলায় নিন্দা: পাকিস্তানের লাহোরে গত রোববারের হামলার তীব্র নিন্দা ও ওই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে গতকাল সোমবার পাঠানো এক বার্তায় তিনি এ নিন্দা ও শোক জানান। বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমরা কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখের সময়ে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে রয়েছি।’
বাংলাদেশের সরকার ও জনগণ এবং নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সন্ত্রাসী হামলায় বিপুলসংখ্যক নিরীহ লোকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
আত্মঘাতী বোমা হামলায় নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলো যাতে বর্তমান দুঃসময় কাটিয়ে উঠতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন শেখ হাসিনা।