তিন চাকার দাপটে বাস চলাচল বন্ধ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি সড়কে তিন চাকার যানের দাপটে বাস চলাচলই বন্ধ হয়ে গেছে। এ কারণে এই সড়কগুলো দিয়ে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
চার-পাঁচজন বাসমালিকের সঙ্গে কথা বলে জানা যায়, এ সড়ক তিনটি হলো উপজেলার পিরব-মহাস্থানগড়, শিবগঞ্জ-দাড়িদহ ও রহবল-বড়িয়ারহাট সড়ক। পিরব-মহাস্থানগড় সড়কটি এ উপজেলার প্রধান সড়ক হিসেবে পরিচিত। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ বগুড়া শহরসহ দেশের বিভিন্ন জায়গায় আসা-যাওয়া করেন। এই গুরুত্বপূর্ণ সড়কে তিন চাকার যানের দাপটে প্রায় চার বছর হলো বাস চলাচল বন্ধ রয়েছে। একই কারণে শিবগঞ্জ-দাড়িদহ সড়কে সাত বছর হলো বাস চলাচল বন্ধ। আর রহবল-বড়িয়ারহাট সড়কে বাস চলাচল বন্ধ হয়ে আছে ১১ বছর ধরে।
বাসমালিকেরা বলেন, ওই তিনটি পথে সিএনজিচালিত অটোরিকশা, ভটভটিসহ তিন চাকার অসংখ্য অবৈধ যান চলাচল করে। এতে বাসে তেমন যাত্রী পাওয়া যায় না। ফলে ওই সব সড়কে বাস চালাতে তাঁদের মোটা অঙ্কের লোকসান গুনতে হয়। এ কারণে তাঁরা ওই তিন সড়কে বাস চালানো বন্ধ করে দিয়েছেন।
এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই তিনটি সড়কের আশপাশের অসংখ্য চাকরিজীবী, শিক্ষক, ছাত্রছাত্রী ও নিয়মিত যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন। বাধ্য হয়ে অন্য যানবাহনে যাতায়াত করতে গিয়ে মানুষকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।
পিরব-মহাস্থানগড় সড়কে বাস চালাতেন মাসুদুর রহমান (৪৫)। তিনি বলেন, উপজেলার প্রধান সড়ক এটি। আগে বাস ভিড়ে ঠাসা থাকত। কিন্তু তিন চাকার যান চলাচল শুরু হওয়ার পর যাত্রীসংখ্যা কমতে থাকে। একপর্যায়ে তেলসহ আনুষঙ্গিক খরচ মিটিয়ে বাস চলাচল করে লাভ তো দূরের কথা, আসলও তোলা যায়নি। উপায় না দেখে অবশেষে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন মালিক।
একটি বেসরকারি সংস্থায় কাজ করেন নজরুল ইসলাম (৪৮)। প্রতিদিন কাজের জন্য তাঁকে বিভিন্ন এলাকায় যেতে হয়। তিনি বলেন, রহবল থেকে বড়িয়ারহাট পর্যন্ত সড়কে ৪৯টি বাঁক আছে। ভটভটির অনভিজ্ঞ চালকেরা বাঁকগুলো ঘোরার সময় দুর্ঘটনার শিকার হন প্রায়ই। কিন্তু সব জেনেও কোনো উপায় না থাকায় লোকজনকে ওই ভটভটিতেই চড়তে হচ্ছে।
উপজেলা সদরের শিক্ষক মাহিনূর রহমান (৪২) বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর ওই সব এলাকার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
পিরব-মহাস্থানগড় সড়কের নিয়মিত যাত্রী এবং শিবগঞ্জ কলেজের ছাত্র রবিউল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কলেজে যেতে তাঁর ভটভটি বা সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৩০ টাকা বাড়তি খরচ হচ্ছে। কিন্তু সব ছাত্রের পক্ষে প্রতিদিন বাড়তি ৩০ টাকা খরচ সম্ভব নয়। বাসে যাতায়াত করতে পারলে এ খরচ অনেক কমত।
উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, বাস চলাচল বন্ধ হওয়ায় তাঁর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তিনি পুনরায় ওই সড়কে বাস চলাচলের দাবি করেন।
এ ব্যাপারে মোকামতলা মোটর মালিক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, অসংখ্য অবৈধ ভটভটি চলাচলের কারণে বাসের যাত্রী কমতে থাকে। তাই বাধ্য হয়ে ওই সব সড়কে বাস চলাচল বন্ধ করা হয়। তিনি আক্ষেপ করে বলেন, ভটভটি চলাচল বন্ধের জন্য সমিতির পক্ষ থেকে স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়েও কোনো ফল হয়নি।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, তিনটি সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ প্রভাব পড়েছে ওই সড়কগুলোর পাশে থাকা বাজারগুলোতে। বিশেষ করে পিরব-মহাস্থানগড় সড়ক ও শিবগঞ্জ-দাড়িদহ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উপজেলা সদর প্রাণহীন হয়ে পড়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহম্মদ কামরুজ্জামান বলেন, ‘আন্তমহাসড়ক ও মহাসড়কে এসব অবৈধ যান চলাচল করলে আমরা আটক করছি। তবে অন্য সড়কে কিছু চলাচল করছে।’