বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী এ কে এম মাহবুবর রহমান। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা তাঁর তিন চাচাকে ধরে নিয়ে যায়। তাঁর এক চাচাতো ভাই চাচাদের ছেড়ে দিতে আলীমকে অনুরোধ করলে তিনি তা রাখেননি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মাহবুবর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে মাহবুবর রহমান বলেন, তাঁদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার নওদা গ্রামে। একাত্তরে তিনি সরকারি আজিজুল হক কলেজের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে কনভেনশন মুসলিম লীগের নেতা আবদুল আলীমের নেতৃত্বে জয়পুরহাটে শান্তি কমিটি গঠিত হয়। একাত্তরের ২৬ মে বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনারা নওদা গ্রামে আক্রমণ করে। তাদের সঙ্গে ছিল শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্য আহমেদ বিহারি ও রশিদ বিহারি। সেনারা তাঁর বাবা ইদ্রিস উদ্দিন সরদার ও তাঁদের না পেয়ে ওই দুই রাজাকারের সহায়তায় তাঁর তিন চাচা ইউসুফ উদ্দিন সরদার, ইউনুস উদ্দিন সরদার ও ইলিয়াস উদ্দিন সরদারকে ধরে নিয়ে যায়। তিনি ও তাঁর বড় ভাই বজলার রহমান লুকিয়ে দেখেন, তিন চাচাকে পাঁচবিবির বালিহাটা ইউনিয়নে স্থাপিত সেনা ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকে তাঁরা দুই ভাই বাড়ি ফিরে ঘটনাটি জানান।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, আটক চাচাদের ছাড়াতে তাঁর চাচাতো ভাই আবুল কাশেম সরদার ওই দিনই প্রথমে যান পাঁচবিবি শান্তি কমিটির নেতা জামায়াতে ইসলামীর মহাব্বতপুরীর কাছে। ওই ব্যক্তি কাশেমকে নিয়ে শান্তি কমিটির অন্যতম নেতা ডা. রুস্তম আলীর সঙ্গে দেখা করে চাচাদের সম্পর্কে জানতে চান। এ সময় রুস্তম আলী বলেন, আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি তাঁদের ছাড়াতে আলীমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সে অনুযায়ী কাশেম জয়পুরহাট শহরে শাওনলাল বাজলার গদিঘরে স্থাপিত শান্তি কমিটির কার্যালয়ে গিয়ে আলীমের সঙ্গে দেখা করেন এবং আটককৃতদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু আলীম তা নাকচ করে দেন। কাশেম বাড়ি ফিরে তাঁদের এ কথা জানান। পরে তাঁরা সপরিবারে পাশের বাগোয়ান গ্রামে আশ্রয় নেন। সন্ধ্যায় পাশের গ্রামে গুলির শব্দ শুনে তিনি মোটামুটিভাবে নিশ্চিত হন যে তাঁর চাচাদের মেরে ফেলা হয়েছে। পরদিন তাঁরা সপরিবারে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী শিবিরে আশ্রয় নেন। দেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে তাঁরা পাকিস্তানি সেনাদের এক পাচক মহির উদ্দিন মণ্ডলের কাছে তিন চাচার হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারেন। প্রত্যক্ষদর্শী আলম মণ্ডলের কাছেও হত্যার বর্ণনা শোনেন এবং ঘটনাস্থল চিহ্নিত করেন। ১৯৭২ সালের মে মাসে প্রশাসনের উপস্থিতিতে গণকবর থেকে তাঁর তিন চাচা ও অন্য দুই ব্যক্তির লাশ তুলে দাফন করা হয়।জবানবন্দি শেষে মাহবুবকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।