ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক এক থেকে ছয় বছর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়া হাসপাতালে মোট নয়টি চিকিৎসকের পদের মধ্যে তিনটি দীর্ঘদিন শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো ৩১ শয্যার জনবল দিয়েই কোনোরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বর্তমানে চিকিৎসকের পদ রয়েছে নয়টি। তার মধ্যে তিনজন দীর্ঘদিন থেকে অননুমোদিতভাবে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া তিনটি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। ফলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মাত্র তিনজন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।হাসপাতালে গড়ে প্রতিদিন ৪৫-৫০ জন রোগী ভর্তি থাকে। প্রতিদিন গড়ে ৪০০-৫০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) আবসার আহম্মেদ কোরায়শী ২০০৬ সালের ১ ডিসেম্বর থেকে অননুমোদিতভাবে অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। চিকিৎসা কর্মকর্তা সামিয়া সাগুফতা ২০১০ সালের ৫ আগস্ট থেকে এবং চিকিৎসা কর্মকর্তা শৈবাল বৈদ্য ২০১১ সালের ১২ জুলাই থেকে অনুপস্থিত রয়েছেন।উপজেলার চরচান্দিয়া গ্রামের জামশেদ আলম (২২) নামে একজন রোগী দাঁতের সমস্যা নিয়ে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারেন সেখানে ডেন্টাল সার্জনের পদটি দীর্ঘদিন শূন্য। বাধ্য হয়ে তিনি অন্য একজন স্থানীয় চিকিৎসকের কাছে যান। সেখানে ভুল চিকিৎসায় তাঁর দাঁতসহ মুখমণ্ডল নষ্ট হয়ে গেছে। স্থানীয় চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন অভিযোগ করেন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে বাধ্য হয়ে স্থানীয় হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হয়। এতে তাদের অর্থ ও জীবন দুটোই বিপন্ন হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান অননুমোদিত অনুপস্থিত চিকিৎসকদের কারণে হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় কথা স্বীকার করেন। তিনি জানান, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র থেকে দুজন চিকিৎসককে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও সামাল দেওয়া কষ্টকর হচ্ছে। অনুপস্থিত চিকিৎসকদের ব্যাপারে তাঁদের ব্যক্তিগত ঠিকানায় একাধিক চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা সিভিল সার্জন অফিসসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানানো হয়েছে। ফেনীর সিভিল সার্জন হরিপদ রায় জানান, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে তিনজন চিকিৎসক অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাঁদের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।