মাথা কেটে নবজাতকের দেহ বের করার অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের তিন চিকিৎসক ও এক আয়াকে আসামি করে মামলা হয়েছে। গত শনিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় প্রসূতি ফরিদা বেগমের খালু বাদী হয়ে মামলাটি করেন।থানা সূত্রে জানা গেছে, মামলায় তিন চিকিৎসক গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক জেবুন্নেসা পারভীন, সহকারী রেজিস্ট্রার অবন্তি ঘোষ ও পূরবী সরকার এবং আয়া খোদেজা বেগমকে আসামি করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধি ৩০৪ (ক) ধারায় এ মামলাটি করা হয়েছে। এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে অর্থদণ্ডসহ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।গতকাল রোববার দুপুরে ওই নবজাতক শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করেন হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক বদরুজ্জামান খান। ঘটনার তদন্তে গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করে। গতকাল রোববার ওই কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবাকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সার্জারি বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট মিজানুর রহমান ও মেডিকেল কর্মকর্তা (ব্লাড ব্যাংক) মাহফুজুর রহমান। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, সদর উপজেলার কবিরপুর চর এলাকার প্রসূতি ফরিদা বেগম গত বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাতে তাঁর বাচ্চা প্রসব করার কথা ছিল। আলট্রাসনোগ্রাম পরীক্ষার প্রতিবেদনে তাঁরা জানতে পারেন, পেটের শিশুটি উল্টো অবস্থায় রয়েছে। এ কারণে তাঁরা চিকিৎসকদের অস্ত্রোপচার করার কথা বলেন। কিন্তু অস্ত্রোপচার না করে প্রসবের সময় শিশুটিকে মাথা কেটে বের করা হয় বলে ফরিদা বেগম ও তাঁর স্বজনেরা অভিযোগ করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘ফরিদপুরে মাথা কেটে দেহ বের কর হলো নবজাতক, দোষ আয়ার ওপর চাপানোর চেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।