তিন চিকিৎসক কোথায় জানে না স্বাস্থ্য বিভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এঁদের মধ্যে একজন প্রায় আট বছর, একজন প্রায় সাড়ে পাঁচ বছর এবং অপরজন ১৪ দিন ধরে অনুপস্থিত।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে ওই চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে চিঠি দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি ওই তিন চিকিৎসকের খোঁজ জানতে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর স্থানীয়ভাবে ওই তিন চিকিৎসকের রহস্যজনক অনুপস্থিতির বিষয়ে আলোচনা জোরালো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইয়াছিন আলম ২০০৮ সালের ১ জুন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এরপর আর তিনি কর্মস্থলে আসেননি। এরপর তাঁর অবস্থানের বিষয়ে জানার জন্য বেশ কয়েক দফায় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে সহকারী সার্জন (প্যাথলজি) মাকসুদা আক্তার ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর থেকে ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। তাঁর বিষয়ে জানার জন্যও বেশ কয়েক দফায় স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয় উপজেলা ও জেলা স্বাস্থ্য প্রশাসন। কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি।
চলতি বছর ১০ মে রাকিব হাসান স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে যোগ দেওয়ার পর অনুমতি ছাড়াই চলে যান এবং ৩১ মে ফিরে আসেন। আবার ১ ও ২ জুন কর্মস্থলে থেকে চার দিনের ছুটি নিয়ে আবার চলে যান এবং ছুটি শেষে ৮ জুন কর্মস্থলে আসেন। ১১ জুন পর্যন্ত কর্মস্থলে উপস্থিত ছিলেন তিনি। এরপর ছুটি না নিয়েই গত ২৪ জুলাই পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এ মতিন গত শনিবার বলেন, ‘তিনজন চিকিৎসক বিনা অনুমতিতে দীর্ঘদিন থেকে অনুপস্থিত রয়েছেন। এঁদের মধ্যে দুজন তো বেশ কয়েক বছর ধরে অনুপস্থিত। তাঁদের বেতন-ভাতা তুলতে হলে আমতলীতে আসতে হবে। কিন্তু তা আসেননি। এঁরা বেতন-ভাতাও তুলছেন না। তাঁদের ব্যাপারে আমি কয়েক দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। এ ছাড়া মুঠোফোনেও তাঁদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তা বন্ধ পাওয়া যাচ্ছে।’
বরগুনার সিভিল সার্জন রুস্তুম আলী গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘ওই তিন চিকিৎসকের বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা বেশ কয়েকবার তাঁদের খোঁজ জানতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি, কিন্তু চিঠির কোনো সাড়া পাইনি।’