ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে লালমাটিয়ার ইস্টার্ন হাসপাতালের তিন চিকিৎসককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত চিকিৎসকেরা হলেন আমজাদ আলী (৫৩), হাসান তারেক (৪৩) ও সৈয়দ হোসেন শহীদ আহম্মেদ আলী (৪০)। গতকাল শুক্রবার আদালতে হাজির করা হলে তাঁরা জামিনে ছাড়া পান।পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় আহত পল্লবীর বাসিন্দা ব্যবসায়ী নাসিরুল হককে বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাঁ হাতে অস্ত্রোপচারের পর বিকেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহত নাসিরুলের বাবা ফজলুল হক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় চার চিকিৎসককে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় তিন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। অপর অভিযুক্ত চিকিৎসক সাফাত লতিফ পলাতক।নাসিরুলের স্বজনেরা জানান, ৭ জুলাই মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিরুল হাতে আঘাত পান। তাঁকে মিরপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর হাত ব্যান্ডেজ করে দেন। কয়েক দিন পর হাতে ব্যথা শুরু হওয়ায় আবার সেই ক্লিনিকের চিকিৎসক আমজাদ আলীর কাছে যান নাসিরুল। হাত দেখে ওই চিকিৎসক স্বজনদের বলেন, অবস্থা খারাপ, অস্ত্রোপচার করতে হবে। এ সময় আমজাদ আলী তাঁর আরেক কর্মস্থল লালমাটিয়ার ইস্টার্ন হাসপাতালে রোগীকে ভর্তি করাতে বলেন। তিনি নাসিরুলকে সেখানে অস্ত্রোপচারেরও পরামর্শ দেন। সে অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে ইস্টার্ন হাসপাতালে ভর্তি করা হয় নাসিরুলকে। বৃহস্পতিবার দুুপুর দেড়টার দিকে তাঁর হাতে অস্ত্রোপচার শুরু করেন চার চিকিৎসক। বিকেল সাড়ে তিনটায় অস্ত্রোপচার শেষ হয়। এর পরই চিকিৎসকেরা জানান, নাসিরুলের অবস্থা খারাপ। বিকেল পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত্যু সনদে সময় লেখা হয় ১০টা ৪০ মিনিট।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, লালমাটিয়ার ৭/৩/এ নম্বর বাড়িতে ইস্টার্ন হাসপাতাল। বৃহস্পতিবার রোগী নাসিরুলের স্বজনেরা ওই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। তাঁরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে বৃহস্পতিবার গভীর রাতে মৃত নাসিরুলের বাবা ফজলুল হক চারজন চিকিৎসককে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।