তিন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক সংকটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৩১ শয্যার এ হাসপাতালে জনবল নিয়োগ না দিয়েই চলছে ৫০ শয্যার কার্যক্রম। মাত্র তিনজন চিকিৎসক দিয়ে চলছে এ হাসপাতাল।বর্তমানে এ হাসপাতালে বর্ধিত ১৯ শয্যার রোগীদের পথ্য (খাদ্য) সরবরাহের অনুমতিও নেই। ফলে ভর্তি হওয়া অতিরিক্ত রোগীদের পথ্য সরবরাহ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন হস্তান্তর করা হয়। চিকিৎসকসহ নতুন জনবল নিয়োগ না দিয়েই ওই বছরের ৬ জানুয়ারি এর কার্যক্রম শুরু হয়। ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে বর্তমানে ৩১ জন চিকিৎসক থাকার কথা। অথচ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও একজন চিকিৎসা কর্মকর্তা আছেন। গুরুত্বপূর্ণ পদে কোনো চিকিৎসক নেই। কোটি টাকার অস্ত্রোপচার সরঞ্জাম থাকলেও অবেদনবিদ (এনেথেসিয়া) ও শৈল্য চিকিৎসক (সার্জারি) না থাকায় ২০১০ সাল থেকে জরুরি প্রসূতি সেবাও (ইওসি) বন্ধ রয়েছে। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটি সাত বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে রোগীর দীর্ঘ সারি দেখা যায়। এ সময় কাশি ও জ্বর নিয়ে জগৎবেড় থেকে আসা রহিমা বলেন, ‘দেড় ঘণ্টা থেকে লাইনোত দাড়েয়া আছোন এলাও ডাক্তার দেখেবার পারোং নাই।’ উপজেলার রহমানপুর গ্রামের সোলেমান জানান, তাঁর মেয়ের প্রসববেদনা শুরু হয়েছে ভোর থেকে। হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসক দেখে তাঁকে জরুরিভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতালে নিতে বলেছেন। সেখানে সিজার করাতে হবে।আবাসিক চিকিৎসক প্রণব কুমার দাস জানান, বহির্বিভাগে গড়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু একসঙ্গে এত রোগী দেখা সম্ভব নয়। তবুও দুই চিকিৎসক বহির্বিভাগ সামলে রাতে অন্তর্বিভাগের দায়িত্ব পালন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখানে জনবল নিয়োগ দেওয়া হয়নি। বর্ধিত ১৯ শয্যার রোগীর পথ্য সরবরাহের অনুমতি এখনো মেলেনি। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরসহ জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। আর চিকিৎসক সংকটের বিষয়টি প্রতি মাসের প্রতিবেদনে জানানো হচ্ছে।