তিন চিকিৎসককে তাৎক্ষণিক বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসকসহ নয় কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী গতকাল বুধবার সকালে কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে গিয়ে দুজন চিকিৎসককে অনুপস্থিত দেখেন। আরেক চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পান। তিনি এই চিকিৎসকদের বদলির আদেশ দিয়ে তৎক্ষণাৎ কার্যকর করতে সিভিল সার্জনকে নির্দেশ দেন। এ ছাড়া কর্তব্যে অবহেলার জন্য ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।
নির্দেশ অনুযায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাককে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আবাসিক চিকিৎসক শামিমুল হককে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চিকিৎসা কর্মকর্তা শামীম আহমেদকে বগুড়ার সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।
সিরাজগঞ্জের সিভিল সার্জন শামসুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বদলিসংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।