তিন চিকিৎসককে মারধর করলেন বিএনপির নেতা!
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আকরামুজ্জামান (৩৫) গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির ওই নেতার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা করুণা কান্তি দে জানান, ‘শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিএনপির নেতা আকরামুজ্জামান তাঁর অসুস্থ এক ভাগ্নেকে (১৬) স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তিনি কর্তব্যরত চিকিৎসক গোবিন্দ বিশ্বাসকে বলেন তাঁর ভাগ্নেকে অবিলম্বে অক্সিজেন দিতে। গোবিন্দ জানান, পরীক্ষা করে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, রোগীকে তাই দেওয়া হবে। আপনার কথায় কাজ করা যাবে না। এ কথায় বিএনপির নেতা ও তাঁর সঙ্গে থাকা আরও চার-পাঁচজন ক্ষিপ্ত হয়ে গোবিন্দকে চড়-থাপড় মারা শুরু করেন। এ সময় আরেক চিকিৎসক কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রতন কুমার সিকদার এসে গোবিন্দকে রক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তাঁকেও মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চিকিৎসকদের মারধর ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় চিকিৎসক গোবিন্দ শনিবার রাতে বিএনপির নেতা আকরামুজ্জামান এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। আকরামুজ্জামানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।চিকিৎসকদের কর্মবিরতি: তিন চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা গতকাল রোববার সকাল সাড়ে আটটা থেকে কর্মবিরতি শুরু করেন। এতে দুর্ভোগে পড়ে রোগীরা। খবর পেয়ে সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবর আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে সভা করেন। বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন চিকিৎসকেরা।ঘটনা সম্পর্কে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আকরামুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আকরামুজ্জামান অল্প বয়সী ছেলে। শুনেছি চিকিৎসকদের সঙ্গে কথা-কাটাকাটি হওয়ায় হঠাৎ সে রেগে যায়।’