তিন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে শপথ নিতে এসে গ্রেপ্তার হলেন উপজেলা পরিষদের তিন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান। ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন পঞ্চগড়ের আটওয়ারী ও বোদা এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহমান আবদার (বিএনপি-সমর্থিত), চেয়ারম্যান শফিউল্লাহ শফি (জামায়াত-সমর্থিত) এবং গোলাম রব্বানী (উপজেলা জামায়াতের আমির)।
আর ভাইস চেয়ারম্যানরা হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার মো. শাহজাহান (বিএনপি-সমর্থিত) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল বাসেত মারজান (জামায়াত-সমর্থিত)।
রংপুর বিভাগের ৩৩টি উপজেলা থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৯৯ জন। গতকাল সবার শপথ নেওয়ার কথা থাকলেও নিয়েছেন ৯৩ জন। বাকি ছয়জনের পাঁচজন গ্রেপ্তার হন। আর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা থেকে নির্বাচিত অপর ভাইস চেয়ারম্যান সেলিনা হোসেনকে সংরক্ষিত নারী আসনের সাংসদ করা হয়েছে। বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের সড়ক থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জামায়াতের প্রতিবাদ: শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সময় নবনির্বাচিত পাঁচ জনপ্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, জনপ্রতিনিধিদের শপথগ্রহণ ও দায়িত্ব পালনে বাধা প্রদানের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি জানান।
বিবৃতিতে বলা হয়, নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ ও দায়িত্ব পালনে বাধা দেওয়া অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং জনমতের প্রতি অশ্রদ্ধার শামিল।
বিবৃতিতে গ্রেপ্তার করা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।