তিন চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের তিন চেয়ারম্যান ও সাত সদস্য পদপ্রার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ওই ১০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদপ্রার্থী এ বি এম জাফর উল্যাহ্, এ কে এম জাফর উল্যাহ্ ও মীর মোশারফ হোসেন এবং সদস্য পদপ্রার্থী মোজাম্মেল হক, আনোয়ার হোসেন, অজি উদ্দিন, এ টি এম জাকের হোসেন, আবু জাফর, আলা বক্স টিটু ও জহিরুল হককে কারণ দর্শাতে বলা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র আরও জানায়, প্রতীক বরাদ্দের পর থেকে উল্লিখিত প্রার্থীরা দেয়াল, দোকানসহ বিভিন্ন স্থানে আঠা দিয়ে পোস্টার লাগিয়েছেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। গতকাল রিটার্নিং কর্মকর্তা এসব পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে কারণ দর্শাতে বলেছেন।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ৪ জন এবং সদস্য পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।