রাজশাহীর দুর্গাপুরে ভিজিএফের চাল কালোবাজারে কেনাবেচার অভিযোগে তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পানানগর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম খান ওরফে রবিন ও চাল ব্যবসায়ী বীরেন্দ্রনাথ। মামলার অন্য দুই আসামি হলেন—নওপাড়া ইউপির চেয়ারম্যান আজাদ রেজাউল করিম ও জয়নগর ইউপির চেয়ারম্যান ইস্রাফিল হোসেন। তাঁদের পরদিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে দুর্গাপুর উপজেলা সদরের চাল ব্যবসায়ী বীরেন্দ্রনাথের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় দোকান থেকে ছয় বস্তা ভিজিএফের চালসহ বীরেন্দ্রনাথকে আটক করা হয়। পরে বীরেন্দ্রনাথের স্বীকারোক্তি অনুযায়ী পানানগর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলামকে আটক করে পুলিশ। এ ছাড়া নওপাড়া ও জয়নগর ইউপির চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্যও অভিযান চালানো হয়। তবে তাঁদের না পেয়ে ওই দিন রাতেই দুই ইউনিয়নের চাল রাখা গুদাম সিলগালা করে দেয় পুলিশ। পরদিন মঙ্গলবার পুলিশ বাদী হয়ে চাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনের নামে একটি মামলা দায়ের করে। তবে এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির কথা অস্বীকার করেছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম বলেন, ভিজিএফের চাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অপরাধে তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্গাপুর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সবুর গতকাল শুক্রবার বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। কারা চাল বিক্রি করেছে এবং কারা কিনেছে, এটা পুলিশই ভালো জানে।’