তিন ছাত্রকে আরেক ছাত্রের ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে তিন ছাত্রকে ছুরিকাঘাত করেছেন আরেকজন ছাত্র। গতকাল বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন বিভাগের শ্রেণীকক্ষের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় ওই তিন ছাত্রকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাওয়ার টেকনোলজি বিভাগের প্রথম পর্বের ছাত্র কামরুল ইসলামকে জেনারেল হাসপাতাল থেকে আটক করা হয়েছে। কামরুল যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবদুল হাকিমের ছেলে।
আহত ছাত্ররা হলেন টেলিযোগাযোগ বিভাগের সপ্তম পর্বের ছাত্র ইমরান হোসেন, শিমুল রায় ও জাহাঙ্গীর আলম। ইমরান ও শিমুলের পেটে এবং বুকে ছুরিকাঘাত করা হয়েছে।
যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অজয় কুমার সরকার বলেন, ওই দুজনের জখম খুবই মারাত্মক। ৪৮ ঘণ্টা না গেলে কিছুই বোঝা যাচ্ছে।
ঘটনার পরপরই ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলমের সভাপতিত্বে জরুরি বৈঠক হয়। বৈঠকে উপাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদারকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এক কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল ১০টায় টেলিকমিউনিকেশন ভবনের ১০২ নম্বর কক্ষে সপ্তম পর্বের পাঠদান চলছিল। কক্ষটির সামনের একটি কক্ষে পাওয়ার টেকনোলজি বিভাগের প্রথম পর্বের শিক্ষার্থীরা হইচই করছিলেন। এ সময় টেলিকমিউনিকেশনের কয়েকজন ছাত্র ওই কক্ষের দরজার সামনে গিয়ে তাঁদের হইচই করতে নিষেধ করেন। এ সময় কামরুলের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল তাঁর কাছে থাকা ছুরি বের করে ইমরানের পেটে আঘাত করেন। তাঁকে ঠেকাতে গেলে কামরুল আরও দুজনকে ছুরিকাঘাত করেন।
ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলম বলেন, ‘যে ছেলেটি ছুরি মেরেছে বলে আমরা শুনেছি, তার গায়ে ইনস্টিটিউটের পোশাক ছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, কামরুলই তিনজনকে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলা হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।