সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আহত করার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট রেস্তোরাঁর কর্মচারীদের ওপর চড়াও হন। এ সময় রেস্তোরাঁয় ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার দুপুরে শহরতলির আলুরতল এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী ক্যাম্পাসের পাশে অবস্থিত ‘কফি হাউস’ নামের একটি রেস্তোরাঁয় যান। এ সময় বিল দেওয়া নিয়ে রেস্তোরাঁর কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রেস্তোরাঁর কর্মচারীরা দা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। হামলায় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী কামরুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবুল হক ও হাবিবুর রহমান গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা হামলার ঘটনা তাৎক্ষণিক মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জানান। এ ঘটনায় কয়েক শ শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওই রেস্তোরাঁয় হামলা চালান। শিক্ষার্থীরা রেস্তোরাঁর রেফ্রিজারেটর, দেয়ালের কাচ, চেয়ার-টেবিল ভাঙচুর করেন। শিক্ষার্থীদের হামলায় রেস্তোরাঁর ব্যবস্থাপক তাজুল, কর্মচারী দয়াল ও ইউনুস আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত তিন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে সেলাই দেওয়া হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দুপুরে চারজন শিক্ষার্থী ওই রেস্তোরাঁয় যান। এ সময় তাঁদের একজন ওই রেস্তোরাঁয় এক গ্লাস পানি পান করেন। বিল দেওয়ার সময় কর্মচারীরা চার গ্লাস পানির দাম চাইলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে দোকানের ব্যবস্থাপক ও কর্মচারীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। রেস্তোরাঁটির স্বত্বাধিকারী সোহাগ আহমদ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাশতা খেয়ে বিল না দিয়ে যেতে চাইলে দোকানের কর্মচারীরা তাঁদের আটকান। এ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী রেস্তোরাঁয় ভাঙচুর চালান। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচালক (পরামর্শ ও নির্দেশনা) মো. জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আইয়ুবের নেতত্ব এক প্লাটুন পুলিশ ঘটনাস্থলে আসে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচালক (পরামর্শ ও নির্দেশনা) মো. জামাল উদ্দিন ভূঞা হামলায় তিন ছাত্রের গুরুতর আহত হওয়ার ঘটনা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতেই জরুরি বৈঠক করে এ ব্যাপারে পদক্ষেপ নেবে।