প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলার মোহরপাড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আমির হোসেনের ওই বিদ্যালয়ের তিন ছাত্রকে মারধর করার প্রতিবাদে ও সভাপতির অপসারণের দাবিতে গতকাল রোববার শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে। এ সময় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন ছাত্র আহত হয়েছে।বিদ্যালয়ের শিক্ষক ও একাধিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে সহপাঠী তিন ছাত্রের কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই ছাত্রীর বড় ভাই গত শনিবার ক্লাস থেকে ডেকে নিয়ে এক ছাত্রকে মারধর করেন। পরে সভাপতি আমির হোসেনও একই দিন প্রধান শিক্ষকের কার্যালয়ে ডেকে নিয়ে ওই তিন ছাত্রকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা সভাপতির অপসারণের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।