তিন ছাত্রদল কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় গত ২১ মার্চ পেট্রলবোমা হামলা চালিয়ে নয়জন বালুশ্রমিককে হতাহত করার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গত শনিবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারাহ্ মামুনের আদালতে ১৬৪ ধারায় ওই জবানবন্দি দেন গ্রেপ্তার ছাত্রদল কর্মী সবুজ শেখ (২৮) ও জাকারিয়া শেখ (২৪)। ছাত্রদলের আরেক কর্মী রাসেল মণ্ডল (১৮) গত ২৫ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
আদালত ও পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ভাষ্য, জবানবন্দিতে সবুজ বলেন, মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার প্রলোভনে তিনি ছাত্রদলের আরও পাঁচ-ছয় কর্মীকে নিয়ে ওই হামলা চালান। হামলাকারীদের মধ্যে ভিটাসাইর ইসলামবাগপাড়ার জাকারিয়া ও মাগুরা শহরের ভায়না দক্ষিণপাড়ার রাসেলও ছিলেন। সবুজের বাড়ি পৌরসভার ভিটাসাইর গ্রামে।


সূত্রের দাবি, শনিবারের জবানবন্দিতে দুই কর্মী হামলার পরিকল্পনা ও মদদদাতাদের সম্পর্কেও তথ্য দেন। এদিকে এই তিন কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্য দিয়ে নৃশংস ওই ঘটনার দুই মাস পর হামলাকারীরা চিহ্নিত হয়েছেন বলে দাবি করেছেন এ-সংক্রান্ত মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।


সূত্র আরও দাবি করেছে, জবানবন্দিতে সবুজ উল্লেখ করেন, মহম্মদপুরের পানিঘাটার রবিউল ইসলাম নয়ন তাঁকে মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার প্রলোভন দেখিয়ে নানা কাজ করাতেন। এর ধারাবাহিকতায় গত ১৮ মার্চ নয়ন মাগুরা স্টেডিয়াম গেটে তাঁর সঙ্গে দেখা করে হামলার পরিকল্পনা করেন। ঘটনার দিন মঘিরঢালের দুই পাশে অবস্থান নিয়ে ওই হামলা চালানো হয়। অন্যদিকে রাসেল জবানবন্দিতে হামলায় সবুজ, নয়ন, জাকারিয়াসহ পাঁচ-ছয়জন জড়িত ছিলেন বলে উল্লেখ করেন।
মাগুরার তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে রাজবাড়ীর পুলিশ সুপার) জিহাদুল কবীর প্রথম আলোকে বলেন, ঘটনার পরদিনই জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি বোতল ও প্রযুক্তির সহায়তায় তাঁরা বিষয়টি নিশ্চিত হন।


পুলিশ জানায়, হামলার পরদিন ২২ মার্চ রাতে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। মাগুরা সদর থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সালামের করা ওই মামলায় জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়। মামলাটি প্রথমে থানার পুলিশ তদন্ত করলেও পরে ২৫ এপ্রিল গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

ঘটনার পর থেকে মহম্মদপুরের পানিঘাটার রবিউল ইসলাম নয়নসহ সন্দেহভাজন হামলাকারীরা গা ঢাকা দিয়েছেন।

মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় ওই হামলায় ট্রাকচালকসহ দগ্ধ হয়েছিলেন নয়জন বালুশ্রমিক। পরে তাঁদের ঢাকায় নেওয়ার পথে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।


নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক ইমরান আলী মোল্লা, বালুশ্রমিক রওশন আলী, আবদুল মতিন, মো. শাকিল ও ইয়াদুল ইসলাম। এ ছাড়া দগ্ধ নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, আরব আলী ও ইলিয়াস হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সবার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে।