জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রী ও ছাত্রকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। একই সঙ্গে তাদের কেন আজীবন বহিষ্কার করা হবে না—মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ওই তিন ছাত্রকে বহিষ্কারের সুপারিশ করা হয়।ছাত্রলীগ কর্মী ওই ছাত্ররা হলেন দর্শন বিভাগের ৩৯তম ব্যাচের তানভীর হাসান খান, অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের শাকিল মাহমুদ ও ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের সুবল দেবনাথ। এঁদের মধ্যে তানভীর ও শাকিলকে ছাত্রলীগ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষ উদ্যাপনকালে ছাত্রলীগের কর্মী ও এক শিক্ষকের হাতে ওই ছাত্রছাত্রীরা লাঞ্ছনার শিকার হন।বিচারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ: বিভিন্ন হলের শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের যেসব কর্মী ছাত্রীদের লাঞ্ছিত করেছেন, অবিলম্বে তাঁদের বিচার করতে হবে। আর তদন্তে ছাত্র লাঞ্ছিত করার প্রমাণ পাওয়া গেলে শিক্ষক মোহাম্মদ আলী আকন্দকে অপসারণ করতে হবে। উপাচার্য শিক্ষার্থী ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ওই শিক্ষক অশিক্ষকসুলভ আচরণ করেছেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করেছি। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’