নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, তালা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন ছাত্রলীগের কর্মীরা। একই দাবিতে তাঁরা প্রশাসনিক ভবন, উপাচার্যের দপ্তর ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের পূর্বনির্ধারিত বৈঠক শুরু হয়। এর পরপরই ক্যাম্পাসে ছাত্রলীগের মাজেদ ও মহসিন পক্ষের সমর্থকেরা উপাচার্যের দপ্তরের ফটক, প্রশাসনিক ভবনের ফটক ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা উপাচার্যের দপ্তর ও প্রশাসনিক ভবনের ফটকে অবস্থান নেন। বিকেল চারটায় রিজেন্ট বোর্ডের সভা শেষ হওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। সভা শেষ হওয়ার পর তালা খুলে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুস সালাম হলে আসন দখল নিয়ে ছাত্রলীগ নামধারী দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের সভায় এসিসিই বিভাগের আবদুল মাজেদ ভূঁইয়া ও মিসকাতুর রহমান এবং সিএসটিই বিভাগের ওমর ফারুককে বহিষ্কার করা হয়।গতকাল সন্ধ্যা সাতটায় উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্ররা ফটকে তালা ঝুলিয়েছিল। পরে সেটি আবার তারা খুলে দেয়। বিকেলে তারা একই দাবি নিয়ে তাঁর কাছে আসে। পরে সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের কাছে ওই তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি লিখিতভাবে ছাত্রদের জানানোর প্রক্রিয়া চলছে।’উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। বর্তমানে একাংশের নেতৃত্বে মঞ্জুরুল আলম এবং অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন আবদুল মাজেদ ভূঁইয়া ও নুরুল আফসার। এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একাধিকবার সহিংস ঘটনা ঘটে।