তিন ছাত্রের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামির বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগ রয়েছে। চার বছর আগে এ অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন ক্ষমা চেয়ে ও মুচলেকা দিয়ে পার পেয়েছিলেন তাঁরা।
অভিযুক্ত তিন ছাত্র হলেন জয়নাল আবেদীন, নুরুল ফয়সাল ও সাইফ উদ্দিন। গত মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে খুন হওয়া নাসিম আহমেদ ওরফে সোহেলের সহপাঠী তাঁরা। নিহত নাসিমের পিতা আবু তাহের গত বুধবার চকবাজার থানায় ১৩ জনের নাম উল্লেখ করে যে মামলা করেন, তাতে এই তিনজনের নাম রয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। নাসিম চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের দায়ী করছে ছাত্রলীগের একটি অংশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১২ সালের শুরুর দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের এক শিক্ষকের পদত্যাগকে কেন্দ্র করে ওয়াসা ক্যাম্পাসে বিক্ষোভের ঘটনা ঘটে। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেনসহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন কিছু শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের মধ্যে ওই তিনজন ছিলেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, উপাচার্য ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তখন অভিযুক্ত শিক্ষার্থীরা ক্ষমা চান ও মুচলেকা দেন। যে কারণে অন্যরাসহ ওই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে তখন আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন প্রথম আলোকে বলেন, একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী অনেক দিন ধরে ব্যবসায় প্রশাসন অনুষদকে অস্থির করে রাখছিল। গত ফেব্রুয়ারিতে পুলিশ বিবদমান দুটি পক্ষের মধ্যে একবার সমঝোতা করে দিয়েছিল।
পুলিশ জানায়, ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, সহাপাঠী মো. ইব্রাহিম সোহান ধারালো ছুরি দিয়ে নাসিমকে আঘাত করেছেন। সোহান তাঁর পকেট থেকে ছুরি বের করে নাসিমের মাথায়, ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইব্রাহিম সোহান এমবিএর প্রথম সেমিস্টারের ছাত্র। তাঁর ফেসবুক পাতায় আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বেশ কিছু ছবি রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্রসংসদের সহসভাপতি ওয়াসিম উদ্দিনের সঙ্গে নিজের ছবি ফেসবুকে দিয়েছেন তিনি।
যোগাযোগ করা হলে ওয়াসিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সে (সোহান) পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলেছে। এই রকম আমার সঙ্গে অনেকের ছবি আছে। তাই বলে কি সবাই আমার কর্মী হয়ে যাবে। আমার জানামতে, সোহান ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না।’
জানতে চাইলে ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, সোহান ছাত্রলীগের কোনো কমিটিতে নেই। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দলের কর্মসূচিতে অনেক মানুষই তো আসে।’
এ দিকে ছাত্রহত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। তিনি বলেন, ছাত্রহত্যার মতো এত বড় অন্যায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।