তিন ছিনতাইকারী আটক, গণপিটুনি
ছিনতাই শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। পরে তাঁদের থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।গতকাল সোমবার শাহবাগ থানাধীন জাতীয় প্রেসক্লাবসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক তিন ব্যক্তি হলেন নান্নু মুন্সি, শিরু ও মামুন ওরফে জীবন।স্থানীয় সূত্র জানায়, বেলা দুইটার দিকে প্রেসক্লাবের সামনে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন এক নারী। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ভেতরে থাকা এক ব্যক্তি ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। ওই নারীর স্বামী খুদে ব্যবসায়ী শাহাদাত হোসেন তখন চলমান সিএনজির এক পাশ ধরে ঝুলে পড়েন। সিএনজির ভেতরে থাকা ব্যক্তিরা তাঁকে কিলঘুষি মারতে থাকলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। এ দৃশ্য দেখে শহীদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী ওই সিএনজির পিছু নেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজি অটোরিকশাটি আটক করা হয়।শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।