ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে গত ৩১ মার্চ ৬০ লাখ টাকার কাপড়সহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে এক ছিনতাইকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোনারগাঁ থানার উপপরিদর্শক আবদুল হক শিকদার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ৩১ মার্চ রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে নরসিংদীর বাবুর হাটের চিটাগাং আড়তের মালিক ব্যবসায়ী মো. ইলিয়াসের ৩২ বেল তাঁত কাপড়সহ একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের টেরীবাজার যাচ্ছিল। ছিনতাইকারীরা কাভার্ড ভ্যানের চালক ও হেলপারের সঙ্গে যোগসাজশ করে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী মমিনুল হককে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে কৌশলে ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ প্রথমে ৪ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে ৫ এপ্রিল মাইনুল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে পুলিশ ৭ এপ্রিল নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রবাকর গ্রামের আবদুল জলিলের ছেলে সোহেল শেখকে (৩২) গ্রেপ্তার করে এবং ৮ এপ্রিল একই স্থান থেকে ফতুল্লা থানার শাসনগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে মইনুল হককে (৪২) গ্রেপ্তার করে।