তিন ছেলেকে বাঁচিয়ে প্রাণ দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদ বুঝতে পেরে তিন শিশুসন্তানকে দ্রুত বাস থেকে নেমে যেতে বলেন মা। তারা নেমে যাওয়ার পর তিনিও বাস থেকে লাফ দেন। কিন্তু ততক্ষণে বাসটির একাংশ ছুটে আসা ওয়াগনের (তেলবাহী ট্রেন) ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। বাসের সামনের অংশ ছিল রেললাইনের ওপর। ধাক্কা লেগে বাসটি ঘুরে ওয়াগনের ইঞ্জিনের সামনে চলে আসে। বাসটি ঘোরার সময়ই চাকার নিচে চাপা মড়েন মা বিবি মরিয়ম (৩৫)।
রাস্তার পাশে দাঁড়িয়ে তিন ছেলে অসহায়ের মতো দেখল মায়ের করুণ মৃত্যু। মুহূর্তের আকস্মিকতায় ভাষাহীন হয়ে পড়েছে তারা। নির্বাক চোখে কেবলই মাকে খুঁজে ফিরছে তারা। দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও এক নারী নিহত হয়েছেন। তিনি বাসের যাত্রী না পথচারী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসযাত্রী, পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই শিশুসহ চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত যাত্রীদের মধ্যে নিহত মরিয়ম বিবির বড় ছেলে সাজ্জাদ আরহানও রয়েছে। বাসটি ঘুরে যাওয়ার সময় সে আঘাত পায়।
বিআরটিসির এই বাসটি নগরের অক্সিজেন এলাকা থেকে জিইসির দিকে যাচ্ছিল। আর নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে হাটহাজারী ফার্নেস তেল নিয়ে ওয়াগনটি যাচ্ছিল। পথে ষোলশহর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, লাইনম্যান গেট ফেলার আগেই বাসটি রেললাইনে উঠে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওয়াগন ট্রেনটি আসতে দেখেও দ্রুত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন বাসচালক। কিন্তু সামনে যানজট থাকায় বাসটি এগোতে পারেনি। ঠিক তখনই লাইনম্যান যানবাহন চলাচল বন্ধের জন্য লোহার লম্বা খুঁটি (ব্যারিয়ার পোল) ফেলার চেষ্টা করেন। ট্রেন আসার শব্দ শুনে বাস থেকে তড়িঘড়ি করে নামার চেষ্টা করেন যাত্রীরা। তবে সবাই নামতে পারেননি। ওয়াগনের ইঞ্জিনের ধাক্কায় বাসটি ঘুরে রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ঠেলতে ঠেলতে বাসটিকে প্রায় দেড় শ গজ দূরে নিয়ে থেমে যায় ওয়াগনটি।
প্রত্যক্ষদর্শীদের অনেকে অভিযোগ করেন, লাইনম্যান সঠিক সময়ে লোহার খুঁটি ফেলেননি। একেবারে শেষ মুহূর্তে তিনি খুঁটি ফেলার চেষ্টা করেন।
নিহত বিবি মরিয়মের দেবর মো. সোহেল বলেন, তাঁর ভাতিজারা শেরশাহ কলোনির ফুফুর বাসায় বেড়াতে যায়। সেখান থেকে গতকাল সকালে সন্তানদের নিয়ে নিজ বাসা হালিশহরে ফিরছিলেন তাঁর ভাবি। শিশুদের বাবা মো. শাহদাত হোসেন দুবাইপ্রবাসী। তিন ছেলের মধ্যে বড় ছেলে সাজ্জাদ আরহান (১২) হালিশহরের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে আর সাজিদ আরহান (৯) চতুর্থ শ্রেণিতে পড়ে। সাঈদ আরহান (৩) এখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি। তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে তিন শিশু কথা বলছে না। তারা নির্বাক হয়ে পড়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ষোলশহর কর্ণফুলী শপিং কমপ্লেক্সের কর্মচারী মো. লিটন বলেন, ট্রেন আসতে দেখে উনি (বিবি মরিয়ম) তিন ছেলেকে দ্রুত নামিয়ে দেন। এরপর উনিও নেমে পড়েন। কিন্তু ধাক্কা দেওয়ার পর বাসটি ঘুরে গেলে তিনি চাকায় পিষ্ট হন। চারজনকেই হাসপাতালে নিয়ে যান লিটন।
ওই বাসের যাত্রী সাজিদ বলেন, ‘বাসটিকে যখন ঠেলে নিয়ে যাচ্ছিল তখন অনেকে নামার চেষ্টা করেন। আমিও নেমে যাই। আর যাঁরা ভেতরে ছিলেন তাঁরা এদিক-ওদিক পড়ে ব্যথা পান। একসময় ট্রেনটি থেমে গেলে যাত্রীরা নেমে পড়েন।’
ষোলশহর রেলক্রসিংয়ের গেটম্যান হাবিবুর রহমান বলেন, ‘নিষেধ অমান্য করে চালক গেট ফেলার আগেই লাইনের কাছাকাছি চলে যায়। তাকে পিছিয়ে আসতে বলি। কিন্তু সে শোনেনি। ট্রেন যখন কাছাকাছি আসে, তখন চালক জানালা দিয়ে নেমে পালিয়ে যায়।’
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মঞ্জুরুল আলম। তিনি বলেন, ঘটনার জন্য দায়ী কে এবং এতে কারও দায়িত্ব অবহেলা ছিল কি না, তা জানতে চার সদস্যের কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।