তিন জঙ্গি গ্রেপ্তার না হওয়ায় আটকে আছে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

• জুলহাজ ও মাহবুব হত্যা
• সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াসহ আনসার আল ইসলামের ১১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
• আদালতে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি।

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (পুরোনো নাম আনসারুল্লাহ বাংলা টিম) জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। হত্যায় সরাসরি অংশ নেওয়া তিন জঙ্গি পৌনে তিন বছরেও গ্রেপ্তার না হওয়ায় ওই জোড়া খুনের মামলার অভিযোগপত্র আটকে আছে।

এদিকে জোড়া খুনের মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহত ব্যক্তিদের পরিবার।

২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা জুলহাজ মান্নান (৩৫) ও তাঁর বন্ধু মাহবুবকে কুপিয়ে হত্যা করে। জুলহাজ ও মাহবুবকে হত্যার পর পালানোর সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লাকেও কোপায়। পালানোর সময় রাস্তায় এক দুর্বৃত্তকে জাপটে ধরেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজউদ্দিন। তাঁকেও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তদের একজনের কাছ থেকে একটি ব্যাগ রেখে দিতে সক্ষম হন এএসআই মমতাজ। ওই ব্যাগে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মুঠোফোন পাওয়া যায়।

জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী
জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী



এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে কলাবাগান থানায় করা দুই মামলা তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগ (সিটি)। জুলহাজ সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী রূপবান সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকর্মী মাহবুব পিটিএ নামের একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবে কাজ করতেন। আনসার আল ইসলাম দুজনকে হত্যার দায় স্বীকার করে। সংগঠনটি নিজেদের আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বলে দাবি করে।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, তদন্তে বেরিয়ে এসেছে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়ার সমন্বয়, পরিকল্পনা ও নির্দেশে জঙ্গি সেলিমের তত্ত্বাবধানে আনসার আল ইসলামের ১১ জঙ্গি এই জোড়া খুন করেছে। হত্যার আগে আনসার আল ইসলামের পাঁচ জঙ্গি জুলহাজ ও মাহবুবের গতিবিধি নিয়ে তথ্য সংগ্রহ করে। তাদের তথ্যের ভিত্তিতে পাঁচ জঙ্গি জুলহাজ ও মাহবুবকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে। পুলিশ তথ্য সংগ্রহকারী (ইনটেল গ্রুপ) দলের সদস্য জঙ্গি শেখ আবদুল্লাহ, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ও আরাফাত রহমান ওরফে শামস ওরফে সাজ্জাদকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

খুনিদের ফেলে যাওয়া মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে তখন পুলিশ জঙ্গি রাশেদ উদ্দিন ভূঞা ওরফে রায়হান নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি জিজ্ঞাসাবাদে ও পরে আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া পাঁচজনকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডে তিনি নিজে জড়িত নন বলে দাবি করেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, জঙ্গি সায়মনের ল্যাপটপ থেকে হত্যায় অংশ নেওয়া তিন জঙ্গির ছবি পাওয়া গেছে। শনাক্ত করে এদের গ্রেপ্তার করা গেলে এই জোড়া খুনের মামলার অভিযোগপত্র দেওয়া যাবে।

মামলার তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান। তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলার কোনো অগ্রগতি নেই। আর অগ্রগতি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আমিও এখন আর মামলা নিয়ে উৎসাহ পাই না।’ তিনি বলেন, বৃদ্ধা মায়ের সব কথা মনে থাকে না। জুলহাজ মান্নানের কথা মা জানতে চান। তখন বলি বাইরে আছে। সে আসবে। যুক্তরাষ্ট্রের সরকার মামলা নিয়ে আগে যৌথ তদন্ত করার আগ্রহ প্রকাশ করলেও এখন আর করে না।