তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া জঙ্গি ও জঙ্গিদের ব্যবহূত তাঁদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য, বিস্ফোরকের উপকরণ, ঘটনার সময় ব্যবহূত মোটরসাইকেলসহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ
গ্রেপ্তার হওয়া জঙ্গি ও জঙ্গিদের ব্যবহূত তাঁদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য, বিস্ফোরকের উপকরণ, ঘটনার সময় ব্যবহূত মোটরসাইকেলসহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত এ পর্যন্ত ১১ জনকে ঢাকা ও আশপাশের জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। গোয়েন্দা শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে ডিবি ও ময়মনসিংহ জেলা পুলিশ এসব অভিযান চালায়।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন জঙ্গি ছিনতাই ঘটনায় অর্থের জোগানদাতা। তাঁদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য, বিস্ফোরকের উপকরণ, ঘটনার সময় ব্যবহূত মোটরসাইকেলসহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে রাজধানীর বাড্ডা থেকে রুহুল আমীন ওরফে রাজু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তিন জঙ্গি ছিনতাই ঘটনায় জড়িত অন্যতম জেএমবি সদস্য আল আমীন, রাহাত, আজমীর ও জিতুকে গ্রেপ্তার করে। জিতুর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গিদের ব্যবহূত গাড়ি থেকে উদ্ধার করা হয় নয়টি গুলি, বেশকিছু বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বোমা বানানোর সরঞ্জাম, জঙ্গি অর্থায়নের হিসাব, বিভিন্ন সিকিউরিটি ব্রেকিং প্ল্যান ও গুরুত্বপূর্ণ স্থাপনার মানচিত্র।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জঙ্গি ছিনতাইয়ের দুই দিন পরই পুলিশের ঢাকা রেঞ্জ গোয়েন্দা বিভাগের সহায়তা চায়। তখন থেকেই অভিযান চলছে। ওই ঘটনায় কমপক্ষে আরও ১০ জন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেপ্তারের ঘটনা ও পরবর্তী সময় বিভিন্ন জিনিস উদ্ধারকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলায় পাঁচটি, টাঙ্গাইল জেলায় চারটি ও ডিএমপির বিভিন্ন থানায় চারটি মামলা করা হয়েছে।


গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে তিন জঙ্গিকে ময়মনসিংহ আদালতে অন্য মামলায় হাজিরা দেয়ার জন্য নিয়ে যাওয়ার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় গুলি ও বোমা ফাটিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয় হামলাকারী জঙ্গিরা। তিন জঙ্গির মধ্যে ছিলেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ওরফে রাসেল, সালাউদ্দিন সালেহীন ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া বোমারু মিজান। ঘটনার দিন বিকেলে টাঙ্গাইলের সখীপুরে পুলিশের চৌকিতে ধরা পড়ে রাকিব হাসান। রাতে তাঁকে নিয়ে পুলিশ অভিযানে বের হলে বন্দুকযুদ্ধে রাকিব নিহত হয়।