তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিল ইউজিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি নিয়োগ পাওয়া তিনজন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগারগাঁও, ঢাকা, ৯ জুলাই। ছবি: সাজিদ হোসেন
সম্প্রতি নিয়োগ পাওয়া তিনজন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগারগাঁও, ঢাকা, ৯ জুলাই। ছবি: সাজিদ হোসেন

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের ইউজিসি ভবনে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অধ্যাপক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষকদের ও শিক্ষার্থীদের কথা স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘যে বিরল সম্মাননা আমার ভাগ্যে জুটল, সেদিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি। ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়-জীবন পর্যন্ত যে শিক্ষকদের কাছ থেকে শিখেছি, তাঁদের কথা মনে পড়ছে।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কখনো ভাবিনি জাতীয় অধ্যাপক হব। কাজেই এই সম্মান আমি মাথা পেতে নিচ্ছি। আমার দৃঢ়প্রত্যয়, শিক্ষাক্ষেত্রে এ দেশকে যা দিয়েছি, তার বহুগুণ দেশ ও শিক্ষাক্ষেত্র আমাকে ফিরিয়ে দিয়েছে।’

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘জাতীয় গুরুত্বপূর্ণ অনেক প্রকল্পে কাজ করার সুযোগ ও অভিজ্ঞতা আমার হয়েছে। বহুবার বিদেশ যাওয়ার সুযোগও এসেছে, কিন্তু যাইনি। এই দেশ আমাকে যা দিয়েছে—অন্য দেশে গিয়ে কাজ করলে এই তৃপ্তিটা পেতাম না।’ তিনি বলেন, ‘সম্মাননা পেয়ে আমি আনন্দিত। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

তিন জাতীয় অধ্যাপকের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তাঁরা তিনজন দেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। জাতির প্রতীক হিসেবে তাঁদের জাতীয় অধ্যাপক করা হয়েছে। তাঁদের সম্মানিত করে আমরাও সম্মানিত।’

সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত ১৯ জুন এক প্রজ্ঞাপনে এই তিন ব্যক্তিত্বকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। অনুষ্ঠানে বিশেষে অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘এই তিন গুণীকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বাংলাদেশ তাঁদের সম্মানিত করে যথাযথ কাজ করেছে। এই দেশ এই তিন ব্যক্তির কাছ থেকে যা পেয়েছে, তা যেন আমরা অনুসরণ করতে পারি।’

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ইউজিসির পক্ষ থেকে জাতীয় অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া এই প্রথম। এর আগে কখনো এমন সংবর্ধনা দেওয়া হয়নি। ইউজিসি ভাবল, জাতীয় অধ্যাপকদের সংবর্ধনা দিলে উচ্চশিক্ষা পরিবারেরও সম্মান বাড়বে। এই সংবর্ধনা মঞ্জুরি কমিশনের ব্যানারে দেওয়া হলেও পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়েছে।