তিন দফা সময় নিয়েও আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে হাজির না হওয়ায় জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁদের ২১ মার্চের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।জামায়াতের এই তিন নেতা হলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে জামায়াতের এই তিন নেতাকে ট্রাইব্যুনালে হাজির হতে তিন দফা সময় দেওয়া হয়। তাঁদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ ট্রাইব্যুনাল শেষ সুযোগ দিয়ে বলেন, ৬ মার্চ তাঁরা হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং তাঁদের আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গতকালও তাঁরা হাজির হননি।ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের ওই তিন নেতার হাজির না হওয়ার কারণ জানতে চান তাঁদের আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী ও মো. শাহাদাত হোসেনের কাছে। জবাবে আইনজীবীরা তাঁদের হাজির করতে পারেননি বলে জানান। ট্রাইব্যুনাল আইনজীবীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানালে আইনজীবীরা বলেন, তাঁরা ওই তিনজনের আইনজীবী থাকবেন না। এ সময় তাঁরা ওকালতনামা প্রত্যাহার করে নেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত জামায়াতের ওই তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান।পরে আদেশে ট্রাইব্যুনাল বলেন, জামায়াতের ওই তিন নেতাকে ২১ মার্চের মধ্যে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হলো। ওই দিন বা এর আগে তাঁদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২১ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ৪ ফেব্রুয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিন এক জনসভায় বলেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ‘...ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়কে” প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’ ট্রাইব্যুনাল-২ এসব বক্তব্য আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে ৭ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেন। সেদিন আদেশে বলা হয়, ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে। সেদিন তাঁরা হাজির না হয়ে সময়ের আবেদন জানালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। সেদিনও তাঁরা হাজির না হওয়ায় ৬ মার্চ হাজিরের শেষ সুযোগ দেওয়া হয়।