তিন জায়গায় আগুনে ২৭ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে গতকাল রোববার ভোরে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। একই সময় গোয়ালন্দ উপজেলায় আগুনে একটি বোর্ডিং ও তিনটি দোকান পুড়ে যায়। এর আগে শনিবার দিবাগত রাতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় ১৬টি দোকান আগুনে ভস্মীভূত হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজবাড়ী: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে বালিয়াকান্দির বহরপুর বাজারে মতিয়ার রহমান ওরফে মতি মেম্বারের মার্কেটে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে তরুণ কান্তি সাহার সার ও কীটনাশকের দোকান, সাইদুজ্জামান চুন্নুর সার ও কীটনাশকের দোকান, শহিদুল ইসলামের তৈজসপত্রের দোকান, মতিয়ার রহমানের কাঁচামালের আড়ত, চুন্নু মল্লিকের লাইব্রেরি এবং আবু বক্কর,
শহিদ দেওয়ান ও আক্তার হোসেনের আসবাবপত্রের দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাজবাড়ী ও পাংশা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার ফজলুল হক বলেন, দৌলতদিয়ায় আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় বহরপুরে আসতে দেরি হয়।

গোয়ালন্দ (রাজবাড়ী): প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে চারটার দিকে দৌলতদিয়া ঘাট আশা সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত আফজাল বোর্ডিংয়ের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের কামাল শেখ ও গাজী মিয়ার পান-সিগারেটের দোকান ও নিজাম শেখের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। তবে এর আগেই আবাসিক বোর্ডিংটি ও তিনটি দোকান ভস্মীভূত হয়।

কলাপাড়া (পটুয়াখালী): প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত পৌনে একটার কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার চাকামইয়া সু স্টোরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন আলানুর মীর, আবুল কালাম, নেছার উদ্দিন, আলমগীর হোসেন, হালিম সিকদার, জহিরুল ইসলাম বাবু ও জসিম উদ্দিনের জুতার দোকানসহ ১০টি দোকান এবং পাশের একটি পান বাজারের ছয়টি দোকান ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।