তিন জায়গায় আ.লীগের পৃথক কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ও লক্ষ্মীপুর জেলায় আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ শফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শফিকুলের নেতৃত্বে সরকারি আকবর আলী কলেজ মিলনায়তনে কর্মসূচি ঘোষণা করায় শোক দিবসের আগের রাতে বর্তমান সাংসদ তানভীর ইমামের সমর্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ বিন হাবিবের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ওই কলেজের চত্বরে গরু এনে জবাই করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে রাত দুইটার দিকে সাংসদের সমর্থকেরা মাঠ থেকে সবকিছু নিয়ে চলে যায়। পরে শফিকুলের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়।

সরকারি আকবর আলী কলেজ মিলনায়তনে আহ্বায়ক কমিটির সদস্য নবী নেওয়াজ খান সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে মিলাদ, কাঙালিভোজের কর্মসূচি পালন করেন।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিমের নেতৃত্বে অন্য অংশের নেতা-কর্মীরা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করেন।

লক্ষ্মীপুর: স্থানীয় সাংসদ এ কে এম শাহাজাহান কামালের উদ্যোগে দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী গ্রামের পণ্ডিতবাড়ির সামনে আলোচনাসভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংসদ এ কে এম শাহাজাহান কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

অন্যদিকে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের উদ্যোগে পৌর সুপার মার্কেটের সামনে পৃথক শোকসভার আয়োজন করা হয়। সকাল থেকে কোরআন তিলাওয়াত, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।