তিন জায়গায় ছোটাছুটি করছেন জাপার নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে থাকা না-থাকা নিয়ে দুই সপ্তাহ ধরে এইচ এম এরশাদসহ জাতীয় পার্টির (জাপা) শীর্ষস্থানীয় পাঁচ-ছয়জন নেতার নানামুখী নাটকীয় তৎপরতায় বিভ্রান্ত দলটির বেশির ভাগ নেতা-কর্মী। এ অবস্থায় জাপার শীর্ষস্থানীয় নেতারা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তাঁরা ব্যক্তিগত সুবিধা লাভের আশায় তিন জায়গায়ই ছোটাছুটি করছেন।

জাপার সূত্রগুলো জানায়, দ্বিধাবিভক্ত নেতাদের অনেকে সকালে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসায়, বিকেলে রওশন এরশাদ আর রাতে কাজী জাফর আহমদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

এমন কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, তাঁরা বুঝতে পারছেন না শেষ পর্যন্ত দলের কোন ধারাটি টিকবে। তাঁরা এখনো নিশ্চিত নন, এরশাদ নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছেন, তাতে তিনি শেষ পর্যন্ত অটল থাকবেন কি না। আর তিনি অটল থাকলে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুদের উদ্যোগে জাপার একাংশ নির্বাচনে চলে যায় কি না।

গত দুই সপ্তাহেও দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে সুরাহা না হওয়া ও সর্বশেষ সোমবার রাতেও আওয়ামী লীগের সঙ্গে সংসদীয় আসন ভাগাভাগি নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন সমঝোতা বৈঠক করায় এই সন্দেহ আরও বদ্ধমূল হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই অবস্থায় রওশন এরশাদের নেতৃত্বে দলের একাংশ নির্বাচনে গেলে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে সক্ষম হলে, সে ক্ষেত্রে সুবিধা পাওয়ার আশায় দলের নেতাদের একটি অংশ রওশন-আনিস-জিয়াউদ্দিনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। আবার, শেষ পর্যন্ত নির্বাচন না হলে এবং এরশাদ তাঁর অবস্থানে টিকে গেলে তখন যাতে সুবিধাভোগীদের কাতারে থাকা যায়, সে লক্ষ্যে এরশাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন তাঁরা।

এর বাইরে জাপার একাংশ এরশাদের নেতৃত্ব ত্যাগ করে নতুন ‘জাতীয় পার্টির’ প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলছে। এ অংশের ধারণা, শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে নির্বাচন হলে এবং তাতে বিএনপি ক্ষমতায় গেলে তখন কাজী জাফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।

জাপার কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা এই তিনটি ধারায় বিভক্ত হলেও কিছু নেতা আছেন, তাঁরা তিনটি ধারার সঙ্গেই সমানতালে যোগাযোগ রক্ষা করে চলছেন। তিন জায়গায়ই গা দেখাচ্ছেন।
অবশ্য জাপার ভেতরে আগে থেকেই আওয়ামী লীগ ও বিএনপিপন্থী হিসেবে পরিচিত দুটি ধারা ছিল। এর মধ্যে কাজী জাফরের নেতৃত্বে একটি অংশ বিএনপি, আর আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে আরেকটি অংশ আওয়ামী লীগপন্থী বলে পরিচিত। আর মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বরাবরই এরশাদপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি একই সঙ্গে সব ধারার সঙ্গেই সম্পর্ক বজায় রাখছেন বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে।

তবে রুহুল আমিন হাওলাদার প্রথম আলোর কাছে দাবি করেন, জাপাতে কোনো বিভক্তি নেই। তাঁদের সবাই এরশাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল। ‘সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না’—দীর্ঘদিন ধরে বলে আসা এই ঘোষণা থেকে সরে এসে এরশাদ আকস্মিক একদলীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তাঁর দলের ছয় নেতা গত ১৮ নভেম্বর নির্বাচনকালীন মন্ত্রিসভায় যোগ দেন এবং আরেকজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন। এ সিদ্ধান্ত মেনে নিতে না পেরে এবং এরশাদকে ‘বেইমান’ আখ্যা দিয়ে দল ছাড়েন কাজী জাফর আহমদ। তাঁর নেতৃত্বে গঠিত হয় নতুন ‘জাতীয় পার্টি’। তাতে জাপার সাবেক-বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় নেতারা যোগ দেন।

এর মধ্যে আবার মত পাল্টান এরশাদ। তিনি ৩ ডিসেম্বর আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পরদিন নির্বাচনকালীন সরকার থেকেও জাপার মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দেন তিনি। এরশাদের এই অবস্থানে অসন্তুষ্ট জাপার ভেতরে থাকা আওয়ামী লীগপন্থী নেতারা সরকারে ও নির্বাচনে থাকতে নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

দলীয় একাধিক সূত্র জানায়, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন এই অংশের সঙ্গে নতুন করে যুক্ত হন এরশাদের স্ত্রী রওশন এরশাদ। এখন সরকার রওশন এরশাদের নেতৃত্বে জাপা ভেঙে দলটির একাংশকে নির্বাচনে রাখতে মরিয়া। এ প্রক্রিয়ার সঙ্গে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ফয়সল চিশতী, দলের যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও কয়েকজন নেতা গোপনে সক্রিয় রয়েছেন।

জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, এরশাদ, রওশন ও কাজী জাফর—এই ত্রিমুখী অবস্থানের কারণে জাপার অনেক নেতা বিপাকে পড়েছেন। কাজী জাফরের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাঁর দেওয়া বিজ্ঞপ্তি ও বিবৃতিতে নাম থাকে, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এমন অন্তত পাঁচজন নেতা এরশাদের বাসায় নিয়মিত হাজিরা দেন। এঁদের একজন আতিকুর রহমান সম্প্রতি এরশাদের বাসায় নেতা-কর্মীদের হাতে অপদস্থ হয়েছেন। এ রকম যাঁরা বিভিন্ন ধারার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁদের বিষয়ে নজরদারি আছে বলে দাবি করেছে এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র।
অবশ্য প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, জাপাকে নির্বাচনে ধরে রাখার জন্য সরকারের পক্ষে তৎপরতা অব্যাহত আছে। এতে সফল হওয়ার ব্যাপারে তারা এখনো আশাবাদী।