তিন জায়গায় বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহর, বগুড়ার শেরপুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃক্ষমেলা। প্রশাসন ও কৃষি দপ্তরের উদ্যোগে তিন থেকে সাত দিনব্যাপী এসব বৃক্ষমেলা হচ্ছে।

নওগাঁ শহরের নওজোয়ান মাঠে গতকাল সকাল ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। পরে জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা, সদর উপজেলার ইউএনও রবিউল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে সপ্তাহব্যাপী এই ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষমেলার আয়োজন করে। মেলায় ৫৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলা উদ্বোধনের আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

শেরপুরে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ স্লোগান নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চের পাশে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ হাবিবর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান প্রমুখ।

রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গতকাল বেলা ১১টার দিকে বৃক্ষমেলার উদ্বোধন করেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। তিন দিনব্যাপী এই ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাম্মী আক্তার। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আয়নুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক অনিতা রানী দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৫টি স্টলে নানা রকম গাছ, ফল প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রয়েছে।