তিন জায়গায় লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত
হরলিকস ও কিশোর আলোর আয়োজনে লেখাজোকা কর্মশালা গতকাল সোমবার খুলনা, ময়মনসিংহ ও সিলেটে অনুষ্ঠিত হয়েছে। তিনটি স্থানের এসব কর্মশালায় আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। খুলনা ও ময়মনসিংহ অফিস এবং সিলেট প্রতিনিধির পাঠানো খবর:
খুলনার সেন্ট যোসেফস উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ কুমার মণ্ডল। কর্মশালায় গল্পের ছলে লেখা ও আঁকার বিভিন্ন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রভাষক মো. তরিকত ইসলাম এবং অনুবাদক, ছোটগল্পকার, ঔপন্যাসিক ও সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আতিক-উজ-জ্জামান। কর্মশালায় কুইজের সঠিক উত্তর দেয় ১০ জন।
ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে গতকাল দুপুরে অনুষ্ঠিত কর্মশালায় গল্পের ছলে গল্প লেখা ও ছবি আঁকার কৌশল শেখানো হয়। স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় ৫০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। চিত্রশিল্পী তাপস মজুমদার ও লেখক কামরান পারভেজ কর্মশালা পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁন মিয়া।
সিলেট নগরের আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজে কর্মশালা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। উদ্বোধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ। কর্মশালা পরিচালনা করেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক ইসমাইল গনি হিমন। কর্মশালায় অংশ নেয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী। কুইজের সঠিক উত্তর দেয় ৬৫ জন।