তিন জায়গায় সড়ক দুর্ঘটনা স্বামী-স্ত্রীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক দম্পতি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এদিকে জেলার তারাগঞ্জ উপজেলায় ট্রলি থেকে ছিটকে পড়ে এক শ্রমিক ও কুড়িগ্রামে বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক প্রবীণ। আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো সংবাদ:
রংপুর: শহরের মাহিগঞ্জে গতকাল দুপুরে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন রংপুরের পীরগাছা উপজেলার কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মাহবুবার রহমান (৬২) ও তাঁর স্ত্রী নাজমা খাতুন (৫২)। তাঁরা পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের জোলাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে রংপুর থেকে পীরগাছায় ফেরার পথে নগরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনার শিকার হন। তাঁদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা হিমালয় পরিবহন নামের একটি মিনিবাসের সঙ্গে ধাক্কা খেলে দুজনই ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটকে ভাঙচুর করলে ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) আফওয়াজুল ইসলাম বলেন, মিনিবাসটি আটক করা হলেও গাড়ির চালক ও সহযোগী পালিয়েছেন।
তারাগঞ্জ: এখানে নিহত শ্রমিকের নাম বিজয়দুল ইসলাম (৩০)। তিনি তারাগঞ্জের ভীমপুর মাছিপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয়দুলসহ পাঁচজন শ্রমিক মিলে গতকাল বিকেলে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের একটি বন্ধ ইটভাটা থেকে ট্রলিতে করে মাটি নিয়ে তারাগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন। তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের শাহপাড়া মোড়ে একটি ছাগল বাঁচাতে গিয়ে ট্রলির চালক শফিকুল ইসলাম হঠাৎ ব্রেক কষেন। এতে বিজয়দুল ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। কুর্শা ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম: শহরের খেজুরতলায় বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন মোখলেছুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি। আহত হয়েছেন উৎস (১৭) নামের এক তরুণ। তার অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ ও হতাহত ব্যক্তিদের পরিবারের সূত্রে জানা যায়, গতকাল দুপুরে দ্রুতগামী মোটরসাইকেলটির সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেল আরোহী মোখলেছুর রহমান ও মোটরসাইকেলের আরোহী উৎস পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে সেখানে মোখলেছুর মারা যান। উৎসকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত মোখলেছুর রহমানের বাড়ি নাজিরা কামারপাড়া এলাকায়।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় মোখলেছুর মারা যান। আহত উৎসের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর পাঠানো হয়।