তিন জায়গায় স্কুলশিক্ষকসহ নিহত ৩
রাজশাহীতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। একই দিন রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
এদিকে রোববার রাতে সান্তাহার-বগুড়া আঞ্চলিক সড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে আফজাল হোসেন (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আফজাল হোসেনের বাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসটি গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের তালাইমারী মোড়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মো. শিমুল (২২) ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি নগরের মির্জাপুর এলাকার বাবলু মিয়ার ছেলে।
নগরের মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে রংপুরের কোতোয়ালি থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে নগরের হাছনাবাজার এলাকার মুচিরমোড়ে বাসের ধাক্কায় সোহরাব হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটির সামনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে একটি চায়ের দোকানকে ধাক্কা দেয়। ওই দোকানে বসে চা পান করছিলেন সোহরাব। বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে বাসটি দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে থেমে যায়। একটি অটোরিকশার চালক শহিদার রহমান মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও বলেন, বাসটি পুলিশের হেফাজতে আছে। এর চালক ও সহকারীরা পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে রোববার রাত আটটার দিকে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন (৪৮) মোটরসাইকেলে করে সান্তাহার থেকে গ্রামের বাড়ি পাইকপাড়া যাচ্ছিলেন। পথে ডালম্বা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বগুড়াগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ওসি শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[তথ্যগুলো পাঠিয়েছেন রংপুর অফিস, আদমদীঘি (বগুড়া) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি]