তিন জায়গায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া ও নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: জেলার গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, রাজশাহীগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী উপজেলার মহিশালবাড়ি গ্রামের তোফাজ্জাল হোসেন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত চালকসহ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে অটোরিকশার চালক সারাংপুর গ্রামের রফিক (৩০) মারা যান। অটোরিকশার আহত যাত্রী মহিশালবাড়ির বাবু (৩০), সারাংপুরের আমির আলী (৫০) ও সাদিকুল ইসলাম (৩৫) এবং বারুইপাড়ার আশরাফুল (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় হিউম্যান হলারের চাপায় আবদুল হালিম মণ্ডল (৩৮) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবদুল হালিম উপজেলার রামকান্তপুর গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক আলহাজ আলী বলেন, পাটের ছালা ও বস্তা ব্যবসায়ী হালিম মণ্ডল সাইকেলের পেছনে বস্তা নিয়ে উল্লাপাড়ার রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি হিউম্যান হলার তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হিউম্যান হলারটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
নওগাঁ: জেলার মান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রশান্ত কুমার পাল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রশান্ত কুমার উপজেলার বাথইল গ্রামের রণজিত পালের ছেলে। মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, প্রশান্ত কুমার নওগাঁ-রাজশাহী হয়ে মোটরসাইকেল নিয়ে নওগাঁ যাচ্ছিলেন। পথে মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রশান্ত কুমার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।