তিন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। গত সোম ও গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনাগুলো ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কইডালা নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক তারাজুল ইসলাম (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারাজুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেদেনীপাড়ার বাসিন্দা বলে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার জানান। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তারাজুলের সহকারী রফিকুল ইসলাম (২৫)। তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের স্নাতক সম্মান শ্রেণির ছাত্র আল আমিন (২২)। গত সোমবার বিকেলে নন্দীগ্রাম-রানীনগর সড়কের রঞ্জয়তেঘর নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলচালক আল আমিন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আল আমিন নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে বলে নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কে গতকার মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় শাহিন (২৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি শহরের মসজিদপাড়ার মো. সিরাজের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে শাহিনকে ধাক্কা দেয় ট্রাকটি। গুরুতর আহত যুবকটিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
নওগাঁর পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজনন সহকারী আবদুল মজিদ (৫৫) ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি নজিপুর-সাপাহার সড়ক দিয়ে মোটরসাইকেলে চড়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। পথে উপজেলার নজিপুর পৌরসভার পাবলিক মাঠসংলগ্ন স্থানে উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ব্যক্তির বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকচম্পক গ্রামে। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পলিপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। পত্নীতলা থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।