তিন জায়গায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আদমদীঘিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে ট্রাকের সঙ্গে মিশুকের সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের আবুল কালাম আযাদের স্ত্রী সেরিনা বেগম (৩৫) ও তাঁর ছেলে ইমন (১০) এবং একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)। আহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জের পুকুরিয়া এলাকার মনিরুলের ছেলে রনি (২৬), তেররশিয়া গ্রামের এজাবুল (৫০) ও মোজাম্মেল (৩০) এবং দুর্ঘটনায় নিহত জাকেরা বেগমের ছেলে রিফাত (৮)।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের হোসেন বলেন, সকাল সাড়ে আটটার দিকে পাইলিং মোড়ে সোনামসজিদগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিশুকটি ধাক্কা খায়। স্থানীয় লোকজন দ্রুত হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সেরিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান জাকেরা বেগম ও ইমন। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকসহ সেটির চালক তোফাজ্জল হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে নাটোর-বগুড়া সড়কের নওগাঁর আত্রাই উপজেলার খেজুরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান আরেক সঙ্গীসহ মোটরসাইকেলে আত্রাই উপজেলা নন্দীগ্রামের নিজ বাড়ি থেকে নাটোর শহরে যাওয়ার পথে খেজুরতলা নামক স্থানে একটি জিপ তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজুগড়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত এবং বাবা আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২৭)। বাবা আবুল হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি শিবপুর গ্রামে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিয়াস গতকাল তাঁর বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বেলকুচি যাচ্ছিলেন। পথে ওই সড়কের আজুগড়া এলাকায় রাস্তা সংস্কারের কাজে ফেলে রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে গেলে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়। এ সময় তাঁর বাবা গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।