সুনামগঞ্জের লালগাঁও সীমান্ত থেকে গত শনিবার চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ছাড়া বিএসএফ গতকাল রোববার পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ঠাকুরগাঁওয়ের ডাবরী সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার লালগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাঁদের ভারতের গোমাঘাট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। সুনামগঞ্জ ৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাহিরপুর সীমান্তের উত্তর মুকসেদপুর গ্রামের শুকুর আলী, শাহজাহান, নায়েব আলী ও বাহার আলী গত শনিবার জ্বালানি কাঠ সংগ্রহের জন্য লালগাঁও এলাকায় যান। তাঁরা সীমান্তের শূন্যরেখায় গেলে বিএসএফ তাঁদের আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে। সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (অপারেশনাল অফিসার) হাছান আলী জানান, আটক চারজনকে ছাড়িয়ে আনতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকা থেকে শরিফুল ইসলাম (২৮) নামের এক নির্মাণশ্রমিককে গতকাল ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ন্যাসীপাড়া এলাকায় মহানন্দা নদীর ভাঙন থেকে বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করছিলেন বাংলাদেশি শ্রমিকেরা। বিকেল চারটার দিকে হঠাৎ করে ভারতের হাতিরামপুর বিএসএফ ক্যাম্পের কয়েকজন সদস্য বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় শ্রমিকেরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। বিএসএফের সদস্যরা শরিফুলকে ধরে ফেলেন এবং তাঁকে নিয়ে যান। অন্য শ্রমিকেরা পালিয়ে যান।পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বাছির জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিএসএফের হাতিরামপুর বিওপিকে চিঠি দেওয়া হয়েছে।ঠাকুরগাঁও: হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ওপারে গতকাল সকালে মো. ইমানী (৩৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিজিবি সূত্রে জানা গেছে, ডাবরী সীমান্তের ৩৮৬ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের বাইশ পরিবার গ্রাম থেকে বাংলাদেশের হরিপুর উপজেলার বাসিন্দা ইমানীকে আটক করে বিএসএফ। ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর জানান, বিএসএফ জানিয়েছে, আটক ইমানীর কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। অনুপ্রবেশ ও মাদকদ্রব্য পাচারের অভিযোগে তাঁকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।