
গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার নরসিংদী, মৌলভীবাজার ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে। এই তিনটি জেলার ১৬টি করে মোট ৪৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। সংশ্লিষ্ট জেলা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:
নরসিংদী: শহরের তরোয়া এলাকায় বাঁধন কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত এপ্রিল ও মে মাসে স্কুল পর্যায়ের আই-জেন প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হয়। প্রথম পর্বে লিখিত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন উপজেলার ১৬টি বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। ওই শিক্ষার্থীরা গতকাল ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা, গেম জোন এবং দলীয় উপস্থাপনায় অংশ নেয়। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় পলাশের জনতা আদর্শ বিদ্যাপীঠ। ওই বিদ্যালয়ের পাঁচজনকে নির্বাচিত করা হয়। তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
মৌলভীবাজার: পৌর জনমিলন কেন্দ্রে জেলার ১৬টি বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। সেরা স্কুল নির্বাচিত হয় দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল। স্কুলটি থেকে নির্বাচিত হয় পাঁচজন। তারা হলো: আমাসিন রহিম জিহাদ, নাফিসা তাহসিন, রাহুল দাশগুপ্ত, অনিরুদ্ধ দেবরায় ও সামউল ইসলাম মুগ্ধ। চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় আই-জেন ইয়েস কার্ড।
চাঁপাইনবাবগঞ্জ: বৃষ্টি উপেক্ষা করে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারে ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিজয়ী হয় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়। প্রথম রানারআপ হয় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও দ্বিতীয় রানারআপ হয় হরিপুর বালিকা উচ্চবিদ্যালয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।
আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে ১ হাজারটি স্কুল দল। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয়ের বিজয়ী দলগুলো অংশ নিচ্ছে।